পতিত আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানো এবং রাষ্ট্র সংস্কার প্রশ্নে ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মধ্যে কোনো মতপার্থক্য নেই। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলায় দলগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক কৌশল ও পৃথক কর্মসূচি। এরই মধ্যে বিএনপি বিজয়ের মাসজুড়ে কর্মসূচি, জামায়াত ৪০ দিনের কর্মসূচি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকার কর্মসূচি ঘোষণা করেছে। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে ২৭ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গত বুধবার এ নিয়ে বৈঠক করেছেন। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১৫ মিনিটের ওই বৈঠকে সর্বদলীয় সংলাপ ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে কথা হয়। এর আগে সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তির মধ্যে জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যের আহ্বান জানান।
দলীয় ও সংশ্লিষ্ট সূত্রমতে, ২৭ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকটি সফলভাবে আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ইতিবাচক সাড়ার পর এই সর্বদলীয় বৈঠকের মাধ্যমে বর্তমান মতপার্থক্য দূর করে অভিন্ন রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে নতুন গতি আসতে পারে।
তবে জোটের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছেন তারা। এটিকে তারা ঐক্যের ভিত্তি বলছেন। শর্ত পূরণ বিষয়ে বিএনপি এখনও কিছু জানায়নি। এ কারণে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। জোট সূত্র জানিয়েছে, জামায়াত আমির শফিকুর রহমান গতকাল শুক্রবার অস্ট্রেলিয়া গেছেন; ফিরবেন ২৬ নভেম্বর। তাই আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর আহ্বানে সর্বদলীয় বৈঠক হতে পারে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ঐক্যের আহ্বানে সাড়া দিলেও জোটের দলগুলো যে যার মতো নাশকতাবিরোধী কর্মসূচি পালন করবে। গত বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক হয়। বৈঠকের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জামায়াত আমির ঐক্যের আহ্বানের প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন।
১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গণহত্যার বিচারই হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তি। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণকে রক্ষায় ১১-দলীয় ঐক্য মাঠে থাকবে, আর সরকার ফ্যাসিবাদ দমনে কার্যকর ভূমিকা রাখলে বিরোধী দলও ইতিবাচকভাবে সাড়া দেবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাককে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেকোনো রাজনৈতিক ঐক্যে অংশ নেবে এনসিপি। তবে দলীয় স্বাতন্ত্র্য বজায় রেখেই রাজপথ ও আলোচনার টেবিলে সক্রিয় থাকবে এনসিপি।
এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তি আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে আবারও ফিরে আসার ষড়যন্ত্র করছে; তবে তাদের এ অপচেষ্টার বিরুদ্ধে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং অতীতের মতো এবারও জনগণ এক হয়ে রাজপথে এসব নাশকতা প্রতিহত করবে।’
১১-দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই এই জাতীয় ঐক্য গঠন করতে হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকও রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি জানান, পরাজিত ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী অপশক্তির নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ১১ দল ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে মোকাবিলা করবে।
একমঞ্চ এড়ানোর কৌশল প্রসঙ্গে দলগুলোর নীতিনির্ধারক পর্যায়ের সূত্র জানায়, এখনই কোনো একক প্ল্যাটফর্ম বা একমঞ্চে ওঠার বিষয়ে অনীহা দেখা যাচ্ছে। তাই বড় ও প্রধান দলগুলো নিজস্ব ব্যানারে পৃথক কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক সক্ষমতা যাচাই ও স্বতন্ত্র অবস্থান ধরে রাখার কৌশল নিয়েছে। ইতোমধ্যে বিএনপি ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি, জামায়াত ৪০ দিনের কর্মসূচি এবং এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ৩৯ দিন রাজপথে থাকার কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী জামায়াতের কর্মসূচি শুরু হচ্ছে আজ শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সরকারদলীয় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে মাঠে নেমেছেন। দলীয় সূত্র জানায়, নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানো এবং স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক সংলাপ ও সমঝোতার প্রক্রিয়াটি বর্তমানে নানা শর্তের বেড়াজালে আটকে আছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের রূপরেখা, গণভোটের রায় এবং বহুল আলোচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই শর্ত ও পাল্টা অবস্থানের মধ্যেই আগামী দিনের রাজনৈতিক সমঝোতার ভবিষ্যৎ নির্ধারিত হবে।
তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন, সমকাল

No comments:
Post a Comment