যুক্তরাষ্ট্রকে মহাপ্রলয় দেখানোর হুঁশিয়ারি ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ইরানে হামলার ইঙ্গিতের জবাবে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তাহলে তেহরান ‘ডুমসডে ওয়ার’ বা মহাপ্রলয়কর যুদ্ধের মুখোমুখি হতেও প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান এখনো কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করেনি।
রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, আমরা যুদ্ধ আবার শুরু হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। নতুন যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা অটল থাকব, এমনকি তা ডুমসডে ওয়ার পর্যন্ত গড়ালেও। এরপরই তিনি যোগ করেন, একই সঙ্গে আমরা কূটনীতির জন্যও প্রস্তুত। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের।
হরমুজ নিয়ে সাত দিনের প্রস্তাব
ইরান জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় তারা যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি রোডম্যাপ পাঠিয়েছে। এতে নির্দিষ্ট শর্ত পূরণ হলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করার প্রস্তাব রয়েছে।
তেহরানের দাবি, তাদের জব্দ করা সম্পদ মুক্ত করা, তেলের রপ্তানিতে বাধা কমানো এবং সামরিক চাপ হ্রাসের মতো বিষয়গুলো বাস্তবায়ন হলে এই পরিকল্পা কার্যকর হতে পারে।
ট্রাম্পের অবস্থান
এর আগে ট্রাম্প প্রকাশ্যে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তেহরান আগাম ছাড় আদায় করতে চাইছে, কিন্তু যুক্তরাষ্ট্র সে পথে যাবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রের আপত্তি
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, ওয়াশিংটনের মতে ইরানের প্রস্তাবের মূল উদ্দেশ্য নিষেধাজ্ঞা শিথিল করানো এবং জব্দকৃত সম্পদ ফেরত নেওয়া। তার দাবি, অতীতের চুক্তি বাস্তবায়ন ও আন্তর্জাতিক নৌপরিবহনের বিষয়ে ইরানের কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আস্থাহীনতা রয়েছে।
তবে আরাঘচির দাবি, ট্রাম্প প্রকাশ্যে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি। তিনি বলেন,
কূটনীতি কখনো ব্যর্থ হয় না, শান্তির সুযোগ থাকলে তা হাতছাড়া করা উচিত নয়। সূত্র: গালফ নিউজ

No comments:
Post a Comment