ফক্স নিউজকে ইরানের প্রেসিডেন্ট বলেন, এক মাস আগে সর্বোচ্চ নেতার সঙ্গে সাত ঘণ্টার বৈঠক হয়েছে
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশটির নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় এক মাস আগে খামেনির সঙ্গে তার সরাসরি বৈঠক হয়েছে এবং সেখানে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। তবে ওই হামলায় মোজতবা খামেনিও আহত হয়েছিলেন বলে ধারণা করা হয়। গত সাত মাসে তিনি একবারও প্রকাশ্যে আসেননি, কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশিত হয়নি। এ নিয়ে পশ্চিমা গণমাধ্যমে তার সুস্থতা ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে আসে।
এসব জল্পনার জবাবে পেজেশকিয়ান বলেন, "খামেনি নিজেই সব পরামর্শ ও নির্দেশনা দিচ্ছেন। তবে এগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করছে প্রশাসন ও সরকার।" ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ার যখন জানতে চান খামেনি কি স্বাস্থ্যগতভাবে দেশ পরিচালনার উপযুক্ত, তখন প্রেসিডেন্ট স্পষ্ট বলেন, "হ্যাঁ, পুরোপুরি।"
পেজেশকিয়ান আরও জানান, তাদের বৈঠকটি হয়েছিল প্রায় সাত ঘণ্টা ধরে। এতে ইরানের অভ্যন্তরীণ সমস্যা যেমন—জীবনযাত্রার ব্যয়, বেকারত্ব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ঐক্য এবং যুদ্ধকালীন সহনশীলতা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে আগস্ট মাসেও তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে একই ধরনের দাবি করেছিলেন।
সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তাদের দেশ পরমাণু অস্ত্র তৈরিতে আগ্রহী নয়। বরং সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুতকে নিরাপদ মাত্রায় নিয়ে আসতে তারা প্রস্তুত। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির দেওয়া একটি ফতোয়ার কথাও তুলে ধরেন, যেখানে গণবিধ্বংসী অস্ত্র রাখাকে ধর্মীয়ভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কেন ইরানের পারমাণবিক সুবিধা পরিদর্শন করতে পারেনি—এ প্রশ্নের জবাবে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে দায়ী করেন। তার ভাষ্যে, ২০২৫ সাল থেকে পরিদর্শন কার্যক্রম বন্ধ থাকার পেছনে এটাই মূল কারণ।
KEY FACTS:
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, প্রায় এক মাস আগে মোজতবা খামেনির সঙ্গে তার সাত ঘণ্টার বৈঠক হয়েছে
খামেনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ পরিচালনার নির্দেশনা দিচ্ছেন বলে জানান প্রেসিডেন্ট
গত ২৮ ফেব্রুয়ারি হামলায় আলি খামেনি নিহত হন; এরপর মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হন, কিন্তু প্রকাশ্যে আসেননি
No comments:
Post a Comment