ছবি: প্রতীকী
অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ জন গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির কর্মকর্তাদের বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগ, নিয়ম মেনে টাকা জমা রাখলেও এখন ব্যাংকে তাঁদের হিসাবের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। ফলে আমানতের টাকাও তুলতে পারছেন না তাঁরা। আমানতের অর্থ ফেরত ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
বেলা দুইটায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে সাত দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম ওরফে রাখী। আমানতের অর্থ ফেরতের দাবিতে অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রোববার দুপুরে অবস্থান নেন ভুক্তভোগীরা। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এ ঘটনায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদনও করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
আবেদনে বলা হয়েছে, শ্রীনগর শাখায় আর্থিক অনিয়ম ও জালিয়াতির ঘটনায় বহু গ্রাহক তাঁদের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ হারিয়ে চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তায় পড়েছেন। তাঁদের অনেকে সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ ও ব্যবসার মূলধন ব্যাংকে জমা রেখেছিলেন। কিন্তু আমানতের অর্থ ফেরত না পাওয়ায় তাঁরা ও তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকের ওপর আস্থা রেখেই গ্রাহকেরা তাঁদের কষ্টার্জিত অর্থ জমা রেখেছেন। তাই শাখায় সংঘটিত অনিয়ম ও জালিয়াতির কারণে আমানতকারীরা যেন তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে বলে আবেদনে উল্লেখ করা হয়ে
ছে।মানববন্ধনের পর জাফরিন আলম প্রথম আলোকে বলেন, অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় যথাযথ নিয়ম মেনেই তাঁরা টাকা জমা রেখেছেন। কিন্তু এখন টাকা তুলতে গেলে ব্যাংক থেকে বলা হচ্ছে, তাঁদের নামে সেখানে কোনো হিসাব নেই। তিনি বলেন, ‘আমি নিজে ১০ লাখ টাকা জমা দিয়েছি। মোবাইলে জমা হওয়ার বার্তা এসেছে। আরেক দফায় আরও ৫ লাখ টাকা জমা দিয়েছি। তখন বার্তা না আসায় ব্যাংকে গিয়ে কারণ জানতে চাইলে বলা হয়, সফটওয়্যারের সমস্যা। আমার মতো এমন ভুক্তভোগী অনেকেই আছেন। আমরা টাকা ফেরত চাই ও প্রতারক চক্রের শাস্তি চাই।’
ব্যাংকটির আরেক গ্রাহক ফারহানা আলম প্রথম আলোকে জানান, তিনি দুই দফায় তিন লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) করেছিলেন। তাঁর কাছে জমার রসিদও রয়েছে। কিন্তু এখন টাকা ফেরত পাচ্ছেন না। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারসোমা আলমের কাছে গিয়েও কোনো সমাধান পাননি তিনি। ফারহানা আলম অভিযোগ করেন, ‘শাখার কর্মকর্তাদের বাঁচাতে ব্যাংকের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এখন এমন কথা বলছেন যেন আমরা ব্যক্তিগত লেনদেন করেছি। আমরা টাকা ফেরত চাই।’
ভুক্তভোগীরা মানববন্ধনে সাত দফা দাবি তুলে ধরেছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—শ্রীনগর শাখায় সংঘটিত আর্থিক জালিয়াতি ও অনিয়মের বিষয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা; ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানত ও আর্থিক ক্ষতির সঠিক তালিকা তৈরি করে স্বচ্ছতার সঙ্গে যাচাই-বাছাই করা; বৈধ ও প্রমাণিত আমানতের অর্থ দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও ব্যাংকিং বিধিবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনগত ব্যবস্থা নেও
য়া।ভুক্তভোগীদের দাবির বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাটি দুই মাস আগের। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শেষে মামলা করেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রত্যেক গ্রাহক টাকা ফেরত পাবেন। তবে তার আগে টাকা জমা হওয়ার সত্যতা পরীক্ষা করতে হবে। সেই কাজই এখন চলছে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গ্রাহকের কাছে টাকা জমা দেওয়ার প্রমাণ থাকলে ব্যাংক তা ফেরত দিতে বাধ্য। তিনি বলেন, ব্যাংকে দুই ধরনের গ্রাহক থাকেন—আমানতকারী ও ঋণগ্রহীতা। কেউ আমানত রাখলে বিধি অনুযায়ী তা ফেরত পাওয়ার অধিকারী। কেউ অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমা রাখলে সেই অর্থও ফেরত পাবেন।
এ ঘটনায় গ্রাহকদের মধ্যে চরম হতাশা ও ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে এবং প্রমাণিত আমানতের অর্থ দ্রুত ফেরত দিতে হবে। অন্যদিকে ব্যাংকের চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, টাকা জমা হওয়ার সত্যতা যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে প্রত্যেক গ্রাহক টাকা ফেরত পাবেন বলে আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এখন ভুক্তভোগী গ্রাহকদের নজর যাচাই প্রক্রিয়া ও টাকা ফেরতের অগ্রগতির দিকে।
তথ্যসূত্র: প্রথম আলো, সমকাল, আমার দেশ, দুরবীন নিউজ

No comments:
Post a Comment