![]() |
| ছবি: সংগৃহীত |
জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান হিরাটা প্ল্যানিং কোম্পানি লিমিটেডে সরাসরি চাকরির প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) চার সদস্য। জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা যাচাইয়ের জন্য আয়োজিত বিশেষ সাক্ষাৎকারে সন্তুষ্ট হয়ে তাদের চাকরির প্রস্তাব দেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। শনিবার (৭ নভেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
চাকরির প্রস্তাব পাওয়া চার সদস্য হলেন ময়মনসিংহের হোসনে মোকাম্মেল জিহাদ, সাতক্ষীরার মো. ইমানুর রহমান খান, বগুড়ার মো. রিফাত আলী এবং ফেনীর রফিকুল ইসলাম রবিন। শনিবার আনসার-ভিডিপির সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানি প্রতিষ্ঠানটির পরিচালক হিরাটা তোমোহিরো ও মার্কেটিং ম্যানেজার হাসেগাওয়া মিনোরু গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শন করেন। এ সময় তারা সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকার নেন। তাদের সঙ্গে ছিলেন জব ট্রেনিংয়ের দুই বাংলাদেশি প্রতিনিধি।
একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ ভাইভা বোর্ডে প্রশিক্ষণার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার পাশাপাশি কারিগরি জ্ঞান, জাপানি ভাষায় যোগাযোগের দক্ষতা, শৃঙ্খলাবোধ ও পেশাগত আচরণ যাচাই করা হয়। এ সময় বাহিনীর প্রকল্প-প্রশিক্ষণ পরিচালক মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনসার-ভিডিপি জানায়, সাক্ষাৎকারে অংশ নেওয়া সদস্যরা এর আগে জাপানি ভাষার এন-৫ ও এন-৪ পর্যায়ে তিন মাস করে মোট ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের শৃঙ্খলাবোধ, কর্মনিষ্ঠা, কারিগরি জ্ঞান এবং জাপানি ভাষায় যোগাযোগের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন নিয়োগকর্তারা। পরে তাৎক্ষণিকভাবে চারজনকে চাকরির প্রস্তাব দেওয়া হয়।
বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রীর পরিদর্শনকালে ওই সদস্যরা ভাষা প্রশিক্ষণরত ছিলেন। সেদিন তাঁরা অনুপ্রাণিত হয়ে দীপ্ত অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। সেই প্রশিক্ষণের ধারাবাহিকতায় জাপানি প্রতিষ্ঠানের প্রথম জাপানি ভাষা দক্ষতা ব্যাচের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হলেন বাহিনীর এই চার প্রশিক্ষিত ভিডিপি সদস্য।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের বিশেষ উদ্যোগে সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। এর অংশ হিসেবে আনসার-ভিডিপি একাডেমিতে জাপানি ভাষা শিক্ষা ক্র্যাশ প্রোগ্রাম এবং মোটর ড্রাইভিং ও মেকানিকস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ চলছে।
এই উদ্যোগের আওতায় সদস্যদের জন্য ৬জি ওয়েল্ডিং, নির্মাণ, ড্রাইভিং, গার্মেন্টস, হসপিটালিটি, শেফ ট্রেনিং, সৌরবিদ্যুৎ ও সবুজ জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং জাপানি ভাষাসহ চাহিদাসম্পন্ন কারিগরি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমি ও দেশের বিভিন্ন জেলার অবকাঠামোর মাধ্যমে এসব প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী দিনে বাহিনীর এক লাখ সদস্যের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ চলছে। পাশাপাশি বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাহিনীর নিজস্ব রিক্রুটিং এজেন্সি 'প্রান্তিক শক্তি লিমিটেড'-এর জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেওয়া হয়েছে।
সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক লাখ সদস্যকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। এই উদ্যোগে সক্ষমতা আধুনিকায়নের জন্য সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় কাজ চলছে। ইতিমধ্যে সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের প্রতিনিধিদল একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে রিক্রুটিং লাইসেন্স অনুমোদন করেছে। ফলে প্রথম ধাপে প্রশিক্ষিত নারী ও পুরুষ সদস্যদের বিদেশে পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বাহিনীর মহাপরিচালক জানিয়েছেন, বৈদেশিক কর্মসংস্থান কেবল যাচাইকৃত বেতন কাঠামো, কর্মপরিবেশ ও সুবিধা বিবেচনায় নেওয়া হবে এবং কেবল দক্ষ সদস্যদেরই পাঠানো হবে।
জাপানের প্রতিষ্ঠানে চার সদস্যের চাকরির প্রস্তাব পাওয়া সেই কর্মপরিকল্পনার একটি উল্লেখযোগ্য সাফল্য। আনসার-ভিডিপির ভাষ্য, দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
এই উদ্যোগের মাধ্যমে শুধু সদস্যদের জন্য সম্মানজনক বৈদেশিক কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি হবে না, বরং তাঁদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতেও ভূমিকা রাখবে বলে আশা করছে বাহিনী। জাপানের মতো উন্নত শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অবস্থান সুদৃঢ় করতেও এই উদ্যোগ ভিন্ন নবধারায় দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জাপানে চাকরির প্রস্তাব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চার সদস্য। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁরা জাপানে গিয়ে কাজ শুরু করবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের এই সাফল্য বাহিনীর অন্য সদস্যদেরও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর, দেশের পত্র, ঢাকা টাইমস, নিউজলি।

No comments:
Post a Comment