...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

সশস্ত্র বাহিনী দিবস আজ: শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস আজ: শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী দিবস আজ: শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) সারা দেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সংবর্ধনায় সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় দূতাবাসসমূহের কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটগুলোতে নোঙর করা অবস্থায় রাখা হবে। বাংলাদেশ বেতার ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেলগুলোতে পরবর্তীতে পর্যায়ক্রমে সম্প্রচারিত হবে। দিবসটি উপলক্ষে শনিবারের বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এ ছাড়া সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বিশ্বাস করেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।

প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন।’ তিনি আরও লেখেন, ‘মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে। সশস্ত্র বাহিনীর ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন।’

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, ‘আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বাড়িয়েছে।’ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়ে পাকিস্তানের দখলদার বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছিল। এর স্মরণে প্রতি বছর এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ নানা দায়িত্ব পালন করে আসছেন।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এনটিভি, কালের কণ্ঠ

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)