...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা
সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা

ছবি: সংগৃহীত

বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। এতে তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা। জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন ও ভাতা নির্দেশাবলি গত ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৮৪ পৃষ্ঠার নির্দেশনাবলিতে তিন বাহিনীর বেতন-ভাতার নতুন নিয়ম তুলে ধরা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য আলাদা বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও আলাদা নির্দেশনা রয়েছে। নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের জন্যও পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল বেতন একসঙ্গে শতভাগ কার্যকর হচ্ছে না। বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত সদস্যরা প্রথম ছয় মাসে নতুন বেতনের ৪০ শতাংশ এবং পরের ছয় মাসে আরও ৩০ শতাংশ পাবেন। সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটদের ক্ষেত্রে হার যথাক্রমে ৫০ ও ২৫ শতাংশ। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ বেতন পাবেন। বাড়তি ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে; এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের প্রচলিত হারেই ভাতা দেওয়া হবে।

কোন পদে মূল বেতন কত, তা নির্দেশনায় বিস্তারিত দেওয়া হয়েছে। প্রত্যেক বাহিনীপ্রধানের নির্ধারিত বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদের জন্য নতুন বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা এবং মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদের জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা। ব্রিগেডিয়ার জেনারেল পদে ১৭তম বছরে মূল বেতন হবে ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। ১৭তম বছরে কর্নেল পদে ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ১ লাখ ২২ হাজার টাকা এবং মেজর পদে ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা। ক্যাপ্টেন পদে প্রথম বছরে মূল বেতন ৫৮ হাজার টাকা, লেফটেন্যান্ট পদে ৪৮ হাজার ৩০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে ৪৬ হাজার ২০০ টাকা। আর সৈনিকের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা। সার্জেন্টের বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং সৈনিকের ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। রিক্রুটের মূল বেতনও ২১ হাজার ৪০০ টাকা।

মূল বেতনের বাইরে কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও বাড়ানো হয়েছে। বাহিনীপ্রধানের জন্য এ ভাতা মাসে ৩ হাজার ৭৫০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল পাবেন ২ হাজার ৮৬০ টাকা, মেজর জেনারেল ২ হাজার ৪২১ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা, মেজর ১ হাজার ৩৩০ টাকা এবং ক্যাপ্টেন ও তদনিম্ন পর্যায়ে ৮৮০ টাকা। যোগ্যতা ভাতাও বাড়ানো হয়েছে, যা মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত হবে।

উড্ডয়ন ভাতার ক্ষেত্রেও নতুন হার নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনীর পাইলটদের ক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল ও ওপরের পদে মাসে ১২ হাজার টাকা এবং কর্নেল ও নিচের পদে ১০ হাজার টাকা। নৌবাহিনীর কমান্ডার ও ওপরের কর্মকর্তারা ১২ হাজার টাকা এবং ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তারা ১০ হাজার টাকা পাবেন। বিমানবাহিনীতে এয়ার কমোডর ও ওপরের কর্মকর্তাদের ১২ হাজার টাকা, গ্রুপ ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তাদের ১০ হাজার টাকা এবং গ্রাউন্ড প্রশিক্ষকদের ২ হাজার টাকা উড্ডয়ন ভাতা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্যারাসুট ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা, সাবমেরিন ভাতা ৩ হাজার টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা, স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ টাকা থেকে ৭১৫ টাকা করা হয়েছে।

প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৫ হাজার ৫৭৫ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। কিট ভাতা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার ২০০ টাকা করা হয়েছে। ঝুঁকি ভাতা দৈনিক ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে। মোবাইল ভাতা পাবেন মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদের চাকরিজীবীরা ১৫০ টাকা। প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের ভাতা পাওয়া যাবে। হাওর, দ্বীপ ও চর ভাতা হবে মূল বেতনের ২০ শতাংশ, তবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা দেওয়া হবে মাসে ২ হাজার টাকা করে। আগের নির্দেশাবলির আওতায় দেওয়া বিশেষ সুবিধা ১ জুলাই ২০২৬ থেকে বিলুপ্ত হবে এবং এ অর্থ বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।

তথ্যসূত্র: প্রথম আলো, ইত্তেফাক, সময়ের আলো।

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)