দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০২৭ সালের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চালু হলে যেকোনো ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্য যেকোনো ব্যাংক বা ওয়ালেটে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যাবে।
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক ২০২৭ সালের জুলাইয়ে আইআইপিএস চালুর লক্ষ্য নির্ধারণ করেছে বলে বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে নগদ অর্থের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমবে এবং লেনদেন হবে আরও দ্রুত ও সুবিধাজনক। গ্রাহক যে ব্যাংক বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকই হোন না কেন, একই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নির্বিঘ্নে টাকা পাঠাতে ও পরিশোধ করতে পারবেন।
এই প্ল্যাটফর্ম তৈরি করা হবে গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের মোজালুফ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। মোজালুফ একটি ওপেন সোর্স সফটওয়্যার প্ল্যাটফর্ম, যা আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল লেনদেন সহজ করার জন্য তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর মোজালুফভিত্তিক আইআইপিএস তৈরির ঘোষণা দেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তখন বলেন, এই ব্যবস্থা নগদ অর্থ ব্যবস্থাপনার ব্যয় কমাবে এবং দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেবে।
আইআইপিএস চালু হলে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ, ব্যবসায়িক লেনদেন এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। সরকার থেকে ব্যক্তির কাছে অর্থ পাঠানো অর্থাৎ জিটুপি লেনদেনও কোনো একক প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল থাকবে না। এতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে, নগদ অর্থের ব্যবহার কমবে এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছাবে।
এই উদ্যোগ দেশের বিদ্যমান লেনদেন অবকাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠছে। বিশেষ করে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে। তবে এনপিএসবির কিছু সীমাবদ্ধতা রয়েছে। আইআইপিএস সেই সীমাবদ্ধতা দূর করে আরও বেশি প্রতিষ্ঠানকে যুক্ত করে লেনদেনের জন্য একটি অভিন্ন অবকাঠামো তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
লেনদেনের খরচের বিষয়েও সুখবর রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ লেনদেন চার্জ নির্ধারণ করেছে। এর মধ্যে ব্যাংকের জন্য ভ্যাটসহ সর্বোচ্চ শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে অর্থ গ্রহণকারীর ওপর কোনো চার্জ আরোপ করা যাবে না। এতে সাধারণ গ্রাহকের লেনদেনের খরচ কমবে বলে আশা করা হচ্ছে।
গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে। ওই গবেষণায় দেখা হচ্ছে, আইআইপিএস কীভাবে রেমিট্যান্সের খরচ কমাতে ও অনানুষ্ঠানিক পথে টাকা পাঠানো কমাতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে নগদ অর্থ ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ করে, যা ক্রমেই বাড়ছে। আইআইপিএস চালু হলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমে এই ব্যয়ও কমবে বলে আশা করা হচ্ছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে মোজালুফ ফাউন্ডেশনের অ্যাকসিলারেটর কর্মসূচির আওতায় ঢাকায় আয়োজিত ইন্টারঅপারেবল পেমেন্টস বাংলাদেশ অনুষ্ঠানে দেশের দুটি প্রতিষ্ঠান মোজালুফভিত্তিক লেনদেন ব্যবস্থার কার্যকর সংস্করণ প্রদর্শন করে। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক খাতের প্রতিনিধিরা সেই প্রদর্শনী দেখেন। বাংলাদেশের এই সিদ্ধান্ত দেশকে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিশ্বে অগ্রণী অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছে মোজালুফ ফাউন্ডেশন। ২০২৭ সালের জুলাইয়ের লক্ষ্য তাই বাংলাদেশের একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
গত জুলাইয়ে ঢাকায় আয়োজিত এক কর্মশালায় আর্থিক খাতের নেতারা ও গবেষকেরা বলেন, আইআইপিএস লেনদেনের খরচ কমিয়ে, অনানুষ্ঠানিক পথে রেমিট্যান্স পাঠানোর ওপর নির্ভরতা কমিয়ে এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়িয়ে দেশের আর্থিক ব্যবস্থাকে বদলে দিতে পারে। পিআরআইয়ের গবেষণা পরিচালক বাজলুল হক খন্দকার বলেন, আইআইপিএস ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে লেনদেন ব্যবস্থাকে সত্যিকার অর্থে আন্তঃব্যবহারযোগ্য করবে। নতুন ব্যবস্থায় ফিচার ফোনের মাধ্যমে সেবা পাওয়া যাবে, হিসাব খোলা সহজ হবে, লেনদেন ব্যর্থতা কমবে এবং তাজামা টুলকিটের মাধ্যমে জালিয়াতি প্রতিরোধ বাড়ানো হবে।
তথ্যসূত্র: বাসস, সারাবাংলা, দৈনিক শিক্ষা, ঢাকা ট্রিবিউন, বিজনেস বার্তা।

No comments:
Post a Comment