ছবি: প্রতীকী
আগামী ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১৮৬ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অর্থ বিভাগের হালনাগাদ এক প্রতিবেদনের ভিত্তিতে এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ নীতিগত সংস্কার এগিয়ে নিতেই এ সহায়তা চাওয়া হচ্ছে।
বাজেট সহায়তা হলো উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর দেওয়া এমন অর্থায়ন, যা সরাসরি সরকারের বাজেটে যুক্ত হয় এবং সাধারণত নীতি ও কাঠামোগত সংস্কার কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ, এ অর্থ কোনো নির্দিষ্ট প্রকল্পের জন্য নয়; সরকারের সামগ্রিক ব্যয় ও সংস্কার কর্মসূচি বাস্তবায়নে এটি ব্যবহার করা হয়।
নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের চেয়ে কম। ২০২৫-২৬ অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে ২৭১ কোটি ডলার পেয়েছিল বাংলাদেশ। তবে সরকারি হিসাবে বলা হয়েছে, চলমান আলোচনা, সংস্কারের অগ্রগতি এবং কর্মসূচির শর্ত পূরণের ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রতিশ্রুত সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে।
অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের লক্ষ্যমাত্রার মধ্যে সবচেয়ে বেশি অর্থ দেওয়ার কথা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি)। সংস্থাটির কাছ থেকে ১০০ কোটি ডলার পাওয়ার আশা করছে সরকার, যা ২০২৫-২৬ অর্থবছরের ৬০ কোটি ডলারের চেয়ে বেশি। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৩৮ কোটি ডলার এবং বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
এর পাশাপাশি ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) থেকে ১০ কোটি ডলার এবং ফ্রান্সের উন্নয়ন সংস্থা এএফডি থেকে ৭ কোটি ৭০ লাখ ডলার সহায়তার লক্ষ্য রয়েছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন একটি বাজেট সহায়তা সুবিধা নিয়ে আলোচনা চলছে, তবে মোট প্রতিশ্রুতির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এবং ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এ অর্থবছরে বাজেট সহায়তার কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যে গত কয়েক বছরে বাজেট সহায়তার পরিমাণে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে বাজেট সহায়তার পরিমাণ ছিল রেকর্ড ৩৪৪ কোটি ডলার। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ২০৩ কোটি ডলার, ২০২২-২৩ অর্থবছরে ১৭৭ কোটি ডলার, ২০২১-২২ অর্থবছরে ২৫৯ কোটি ডলার এবং ২০২০-২১ অর্থবছরে ১০৯ কোটি ডলার বাজেট সহায়তা পেয়েছিল বাংলাদেশ।
২০২৫-২৬ অর্থবছরে বিশ্বব্যাংক তার কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট (সিইআরপি) কাঠামোর আওতায় ৭১ কোটি ৩০ লাখ ডলার দিয়েছে। এ কাঠামোর মাধ্যমে চলমান বা শেষ হওয়া প্রকল্পের অব্যবহৃত অর্থ দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া ছাড়াই জরুরি প্রয়োজনে দ্রুত অন্য খাতে ব্যবহার করা যায়। একই কাঠামোর অধীনে চলতি অর্থবছরের জন্য আরও ৩০ কোটি ডলারের একটি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে।
বাজেট সহায়তার লক্ষ্যমাত্রা কমে যাওয়ার বিষয়টি কীভাবে দেখা উচিত, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক লিড অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, বাজেট সহায়তার চাহিদা কমে আসাকে স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক বা নেতিবাচক সংকেত হিসেবে দেখা ঠিক হবে না। তাঁর মতে, বাজেট সহায়তা শুধু অর্থায়নের উৎস নয়; এটি সরাসরি নীতি ও কাঠামোগত সংস্কার কর্মসূচির সঙ্গে যুক্ত। তাই সহায়তা কমিয়ে আনলে সংস্কার বাস্তবায়নে তার প্রভাব মূল্যায়ন করা জরুরি।
অন্যদিকে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ ২০২৬-২৭ অর্থবছরের কমানো লক্ষ্যমাত্রাকে অর্থনৈতিক স্বনির্ভরতার উৎসাহব্যঞ্জক সংকেত হিসেবে দেখছেন। তাঁর মতে, বাজেট সহায়তার চাহিদা কমে আসা ইঙ্গিত দেয় যে রিজার্ভের স্থিতিশীলতা উন্নত হচ্ছে এবং বাইরের ঋণের ওপর নির্ভরতা কমছে। তবে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ধীর থাকায় রিজার্ভ সংরক্ষণে বাজেট সহায়তা এখনো গুরুত্বপূর্ণ সুরক্ষা বলে তিনি সতর্ক করেছেন।
বাজেট সহায়তার পাশাপাশি সার আমদানির জন্য ৫০ কোটি ডলারের একটি ঋণ নিশ্চয়তা সুবিধা (ক্রেডিট গ্যারান্টি ফ্যাসিলিটি) নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। পেট্রোবাংলার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলারের পেমেন্ট গ্যারান্টি মডেলের আদলে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে ইউরিয়া ও নন-ইউরিয়া সার আমদানির জন্য এ কাঠামোর প্রস্তাব করা হয়েছে। বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ও বহুপক্ষীয় বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা (মিগা) যৌথভাবে এ কাঠামোকে সহায়তা দেবে।
এ উদ্দেশ্যে গত বছরের আগস্টে বিশ্বব্যাংকের একটি মিশন বাংলাদেশ সফর করেছিল বলে ইআরডির কর্মকর্তারা জানিয়েছেন। ২০২৫ ও ২০২৬ সালে প্রাথমিক বাজার যাচাইয়ের পর বিএডিসি ও বিসিআইসিকে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঘূর্ণায়মান ঋণপত্র (এলসি) ও চলতি মূলধন সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ কাঠামোর লক্ষ্য বাণিজ্যিক ঋণের ব্যয় কমানো এবং বৈশ্বিক সরবরাহকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা। জাহিদ হোসেনের মতে, বহুপক্ষীয় নিশ্চয়তা সরবরাহকারীদের আস্থা বাড়ায়, ফলে আমদানিকারক সংস্থাগুলো ভালো ঋণের শর্ত ও বিলম্বিত পরিশোধের সুযোগ পেতে পারে।
আলোচনা এগিয়ে গেলে এবং সংস্কারের শর্ত পূরণ হলে চূড়ান্ত সহায়তার পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হতে পারে বলে সরকারি হিসাবে ইঙ্গিত দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সিটিজেনস ভয়েস

No comments:
Post a Comment