ছবি: সংগৃহীত
ঢাকা, ১৩ নভেম্বর: দেশে ক্যান্সারের ভয়াবহতা বাড়লেও রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার সক্ষমতা নিয়ে রয়েছে নানা চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী প্রতিষ্ঠান ক্যান্সারবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থার (আইএআরসি) গ্লোবোক্যান ২০২৪-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রায় এক লাখ ৮৭ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। একই বছর এ রোগে মারা গেছে প্রায় এক লাখ ৩৯ হাজার মানুষ। হিসাবে দেখা যায়, প্রতি ঘণ্টায় গড়ে ২১ জনের শরীরে ক্যান্সার ধরা পড়ছে, আর প্রায় ১৬ জন প্রাণ হারাচ্ছেন।
গ্লোবোক্যানের সর্বশেষ হিসাবে ২০২৪ সালে নতুন আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ৮৭ হাজার ২৬৩ জন। তাঁদের মধ্যে পুরুষ এক লাখ সাত হাজার ৮২০ জন এবং নারী ৭৯ হাজার ৪৪৩ জন। একই বছরে ক্যান্সারে মৃত্যু হয়েছে এক লাখ ৩৮ হাজার ৯০৬ জনের। মৃতদের মধ্যে পুরুষ ৮৪ হাজার ৬৩৯ জন এবং নারী ৫৪ হাজার ২৬৭ জন। গত পাঁচ বছরে আক্রান্ত হয়ে বেঁচে আছেন প্রায় তিন লাখ ৫৯ হাজার মানুষ।
দুই বছর আগের তুলনায় চিত্রটি আরও উদ্বেগজনক। ২০২২ সালে নতুন রোগী ছিলেন প্রায় এক লাখ ৬৭ হাজার, মৃত্যু প্রায় এক লাখ ১৭ হাজার। অর্থাৎ দুই বছরে রোগী বেড়েছে প্রায় ১২ শতাংশ, আর মৃত্যু বেড়েছে প্রায় ১৯ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যাভিত্তিক জাতীয় ক্যান্সার নিবন্ধন না থাকায় দেশের আসল চিত্র এখনো জানা যাচ্ছে না। গ্লোবোক্যানের হিসাব মূলত প্রতিবেশী দেশের তথ্য ও মডেলের ওপর ভিত্তি করে তৈরি।
দেশে সবচেয়ে বেশি দেখা যায় খাদ্যনালি, ফুসফুস, পাকস্থলী, মুখগহ্বর ও জরায়ুমুখের ক্যান্সার। গ্লোবোক্যানের তথ্যমতে, বাংলাদেশের মানুষের মধ্যে ৩২ ধরনের ক্যান্সারের প্রকোপ দেখা যায়। পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখগহ্বরের ক্যান্সার এবং নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার বেশি দেখা যায়। তামাক সেবন, খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর জীবনযাপন ক্যান্সার বাড়ার পেছনে বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ পরিস্থিতিতে দেশের ক্যান্সার মোকাবিলার সামগ্রিক সক্ষমতা যাচাইয়ে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও ক্যান্সারবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থার যৌথ বিশেষজ্ঞদল। গত ৮ নভেম্বর শুরু হওয়া ৯ দিনের এই মূল্যায়ন কার্যক্রম চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। কার্যক্রমের প্রথম দিনে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত এই বিশেষ মূল্যায়ন কার্যক্রমের মাধ্যমে দেশে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও উপশমমূলক সেবার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে। পাশাপাশি বিদ্যমান ঘাটতি চিহ্নিত করে উন্নয়নে তথ্যভিত্তিক সুপারিশ দেবে বিশেষজ্ঞদল। এই কার্যক্রমের অংশ হিসেবে বিশেষজ্ঞদল ঢাকা, সাভার ও চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করবে। ১৪ নভেম্বর জাতীয় পরামর্শ সভায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা মূল্যায়নের প্রাথমিক ফলাফল ও সুপারিশ নিয়ে আলোচনা করবেন।
বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসায় রয়েছে বড় ধরনের বৈষম্য। উচ্চ আয়ের দেশগুলোর ৯০ শতাংশের বেশি দেশে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা থাকলেও নিম্ন আয়ের দেশগুলোর ১৫ শতাংশেরও কম দেশে এ ধরনের সেবা রয়েছে। বাংলাদেশেও ক্যান্সার চিকিৎসার সুযোগ, রোগ নির্ণয়, জনবল ও সেবার সমন্বয় নিয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে।
দেশের একমাত্র সরকারি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন প্রায় এক হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে গড়ে ৫০ জন ভর্তি হন। চিকিৎসার অপেক্ষায় আছেন প্রায় আট হাজার রোগী। হাসপাতালটির মোট ছয়টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে চারটিই দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী দেশে অন্তত ১৭০টি রেডিওথেরাপি মেশিন প্রয়োজন, কিন্তু আছে মাত্র ৩০টি। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২৩টি।
অর্ধেক ক্যান্সার রোগীর চিকিৎসার কোনো না কোনো পর্যায়ে রেডিওথেরাপি প্রয়োজন হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে যন্ত্রের ঘাটতি সরাসরি রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে। অনেক রোগীকে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষার এই সময়ে কারও কারও রোগ আরও জটিল হয়ে উঠছে। আর্থিক সামর্থ্য থাকলে কেউ কেউ বেসরকারি হাসপাতালে যাচ্ছেন, আর গরিব রোগীরা হাসপাতালের মেঝেতেই রাত কাটাচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ মূল্যায়নের ফলাফল জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশল ও কর্মপরিকল্পনা হালনাগাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ক্যান্সার চিকিৎসায় ভবিষ্যৎ বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণ এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ক্ষেত্রেও দিকনির্দেশনা পাওয়া যাবে। ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানো, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা মানুষের নাগালে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: কালের কণ্ঠ, প্রথম আলো, ঢাকা ট্রিবিউন, দ্য ডেইলি স্টার, আইএআরসি গ্লোবোক্যান ২০২৪।

No comments:
Post a Comment