ছবি: সংগৃহীত
মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বহুগুণ বাড়বে। চট্টগ্রাম থেকে মাত্র ২৪ ঘণ্টায় একটি পণ্যবাহী ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১২ বছর পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, যোগাযোগব্যবস্থা এই পর্যায়ে উন্নীত হলে দুই দেশের বা মিয়ানমারের সঙ্গেও এবং চীনের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়বে।
গত ২৭ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী চীনের ইউনান প্রদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত প্রায় এক হাজার ২০০ কিলোমিটার সড়ক যোগাযোগের প্রস্তাব দেন। তাঁর ধারণা, এ পথে পণ্য পরিবহনে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। চীনের ইউনান প্রদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রদেশের নির্বাহী ভাইস গভর্নর ঝাও জুনমিন। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রস্তাবিত এক হাজার ২০০ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক বাংলাদেশ, মিয়ানমার ও দক্ষিণ-পশ্চিম চীনের মধ্যে সংযোগ জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে আগ্রহী সরকার। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে করিডোর গড়ে উঠলে পণ্য পরিবহনের নতুন পথ তৈরি হবে। তবে এর বাস্তবায়নে মিয়ানমারের পরিস্থিতি, বিশেষ করে রাখাইনে নিরাপত্তা ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এই উদ্যোগে কোনো ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা। বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার ধারণাটি নতুন নয়। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেও আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে করিডোরের প্রস্তাব পুনরায় আলোচনায় আসে। এর ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী চীনের ইউনান প্রদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত সড়ক যোগাযোগের প্রস্তাব দেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য করিডোরে চীনের কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় ও ইয়াঙ্গুন হয়ে রাখাইনের কিয়াউকপিউ বন্দরের সঙ্গে সংযোগের কথা রয়েছে। চীনের রাষ্ট্রদূত গত জুলাইয়ে জানিয়েছিলেন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে করিডোর বাস্তবায়নে চীন আগ্রহী। তবে তিনি বলেছিলেন, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়নি। তবে রুট বা বাস্তবায়ন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বাণিজ্য ঘাটতি নতুন কোনো বিষয় নয়, স্বাধীনতার পর থেকেই দেশে এই ঘাটতি রয়েছে। তবে বাংলাদেশ যাতে কেবল তৈরি পোশাক খাতের ওপর এককভাবে রপ্তানিনির্ভর হয়ে না থাকে, সে বিষয়টি গভীরভাবে বিবেচনা করছে সরকার। তৈরি পোশাকের বাইরে অন্য কোন কোনো পণ্য রপ্তানি করা যায়, তা নিয়ে কাজ চলছে এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
চলমান শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, শ্রমিক আন্দোলনের পেছনে যেসব ইন্ধনদাতা রয়েছে, তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এদিকে শুক্রবার বিকেলে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হওয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে যান বাণিজ্যমন্ত্রী। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
প্রস্তাবিত করিডোর বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত পণ্য পরিবহনের সময় ও খরচ দুটোই কমবে বলে আশা করা হচ্ছে। এতে বাংলাদেশের রপ্তানি পণ্য চীনের বাজারে পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যও কম সময়ে বাংলাদেশে আসতে পারবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, করিডোরের সফলতা নির্ভর করবে মিয়ানমারের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর। রাখাইন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই পথে নিয়মিত পণ্য পরিবহন চালু করা কঠিন হবে।
উল্লেখ্য, বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা বহু বছর ধরেই আলোচনায় রয়েছে। প্রস্তাবিত রুট অনুযায়ী, চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় হয়ে একটি শাখা ইয়াঙ্গুন এবং অন্যটি রাখাইনের কিয়াউকপিউ গভীর সমুদ্রবন্দরের দিকে যাবে। পরে সড়ক ও রেলপথে রাখাইন থেকে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে করিডোরের নির্দিষ্ট পথ ও বাস্তবায়ন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তথ্যসূত্র: সময় নিউজ, সমকাল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

No comments:
Post a Comment