তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এনবিআরের পক্ষে সাধারণত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে গত কয়েক দিনে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা এবং তথ্য জানতে চিঠি পাঠানো হয়েছে। তবে আজ সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, তারা এখনো এনবিআরের চিঠি পাননি।
এনবিআরের তালিকায় আওয়ামী লীগের আমলের কয়েকজন সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা আছেন। এ ছাড়া পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতিও আছেন। তালিকায় দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপের মালিক ও তাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে। তালিকায় রয়েছে মন্ডল, এনভয়, গিভেন্সি, স্ট্যান্ডার্ড, নিপা, ওয়েল ও তুসুকা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম।
তালিকায় মন্ডল গ্রুপের ২৮টি প্রতিষ্ঠানের নাম আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মন্ডল ইন্টিমেটস, কটন ফিল্ড (বিডি), মন্ডল ফেব্রিকস, ট্রপিক্যাল নিটেক্স, মার্ক সোয়েটার, মন্ডল স্পিনিং মিলস, আলিম নিট, মন্ডল সিকিউরিটিজ, অ্যাপোলো ফ্যাশন ও মন্ডল ইয়ার্ন ডাইংসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। মন্ডল গ্রুপ ও এর সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে তালিকায় রয়েছেন আবদুল আলিম মন্ডল, তারিন তাসলিমা, মো. জুবায়ের মন্ডল, সুলতানা খাতুন, আবদুল মান্নান মন্ডল, মোমেনা খাতুন ও মাহমুদুল হাসান।
এনভয় গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান তালিকায় রয়েছে। এগুলো হলো এনভয় গার্মেন্টস, এনভয় প্যাকেজেস, এনভয় ডিজাইন, এনভয় ফ্যাশনস ও এনভয় টেকনোলজি। এই গ্রুপ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে তালিকায় আছেন আবদুস সালাম মুর্শেদী (সাবেক এমপি), রাশিদা আহমেদ, শারমিন সালাম, তানভীর আহমেদ ও শেহরিন সালাম। তবে আবদুস সালাম মুর্শেদীর পরিবার ছাড়া বাকিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে এনবিআরের দায়িত্বশীল সূত্র।
গিভেন্সি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের নাম রয়েছে তালিকায়। এগুলো হলো গিভেন্সি গার্মেন্টস, গিভেন্সি স্পিনিং মিলস, গিভেন্সি গার্মেন্টস অ্যাকসেসরিজ, গিভেন্সি ইয়ার্ন ডাইং এবং গিভেন্স ফুডস অ্যান্ড অ্যাসেনশিয়াল। তালিকায় এই গ্রুপের আবদুল জাহিদ মুকুল, মাসুমা খাতুন, মাহমুদা খাতুন ও আবদুল হাদি আছেন। স্ট্যান্ডার্ড গ্রুপের স্ট্যান্ডার্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের নাম রয়েছে তালিকায়। এ ছাড়া দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং সাগর ইনফো বিল্ডার্স লিমিটেডের যৌথ উদ্যোগের নামও রয়েছে। এ গ্রুপের হোসনা আরা বেগম, মো. আতিউর রহমান, এ কে এম মোশাররফ হোসেন ও হাসনাত মোশাররফ আছেন।
নিপা গ্রুপের তালিকায় রয়েছে নিপা নিটওয়্যার কোম্পানি, সেলিনা অ্যাপারেলস ও নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি। ব্যক্তি হিসেবে রয়েছেন সঞ্জীব চৌধুরী, মো. খসরু চৌধুরী (সাবেক এমপি), এম মুনিরুল ইসলাম ও মো. টিপু সুলতান। ওয়েল গ্রুপের তালিকায় রয়েছে ওয়েল অ্যাকসেসরিজ, ওয়েল ফ্যাশন ও ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। এ ছাড়া ব্যক্তি হিসেবে নাসরিন আখতারের নাম রয়েছে। তুসুকা গ্রুপের তালিকায় রয়েছে তুসুকা প্যাকেজিং, তুসুকা অ্যাপারেলস, তুসুকা ফ্যাশনস, তুসুকা ডেনিম ও তুসুকা ট্রাউজার্সসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ব্যক্তি হিসেবে রয়েছেন ফিরোজ আলম, মো. শফিকুল ইসলাম, ফয়জুর রহমান (সাবেক এমপি), আরশাদ জামাল ও মো. আতিউজ্জামান।
এ ছাড়া তালিকায় এস এম আবদুল মান্নান (বিজিএমইএর সাবেক সভাপতি), ফরিদা মান্নান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লা (সাবেক এমপি), ফরিদা ইলিয়াস, আবদুস সালাম, সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দ সিরাজুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম ও মো. আসিফ হাসানের নাম রয়েছে। এনবিআরের আরেকটি সূত্রে জানা গেছে, ব্যাংক হিসাব জব্দ করার তালিকায় ক্রিকেটার সাকিব আল হাসানের বোনের জামাই আলিফ মোল্লার নামও রয়েছে। আর মোবাইল ব্যাংকিং ছাড়াও ক্রিপ্টো কারেন্সি দিয়ে লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সূত্রটি।
এদিকে তুসুকা গ্রুপের একজন উদ্যোক্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যে অভিযোগে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তা অবাস্তব। তাদের কারখানাগুলোতে ২০ থেকে ২৫ হাজার শ্রমিক কাজ করেন। একদিন উৎপাদন না হলে এক থেকে দেড় কোটি টাকা ক্ষতি হয়। ফলে নিজেদের স্বার্থ পরিপন্থী কাজ করার কোনো কারণ বা সুযোগই নেই। তিনি জানান, তুসুকা গ্রুপের চার উদ্যোক্তার একজন ফয়জুর রহমান বিগত সময়ে সংসদ সদস্য হয়েছিলেন এবং বর্তমানে তিনি জেলে আছেন। বাকি তিনজন উদ্যোক্তা রাজনীতির সঙ্গে কখনোই যুক্ত হননি। এতে দেশের একটি শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান সম্পর্কে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে নেতিবাচক বার্তা যাবে, যা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বিক্ষোভের পর আজ গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন। শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মজুরি বোর্ড এরই মধ্যে কাজ শুরু করেছে এবং আগামী দুই এক মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত এখনো চলমান এবং কারও বিরুদ্ধে আনা অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
তথ্যসূত্র: প্রথম আলো, চ্যানেল ২৪

No comments:
Post a Comment