ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টা নাগাদ এই নিম্নচাপটি তৈরি হয়। মধ্য আন্দামান সাগর ও সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপটির সৃষ্টি হয়েছে। ওই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ দশমিক ৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ছিল। আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস মডেল বলছে, অনুকূল পরিস্থিতি পেলে এই নিম্নচাপ ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এ মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, বর্তমানে সিস্টেমটির কেন্দ্রে বায়ুচাপ প্রায় ১০০৯ হেক্টোপাস্কাল এবং ধীরে ধীরে তা কমছে। সিস্টেমটি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে এগোচ্ছে। কলকাতা থেকে দক্ষিণে প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় শক্তি সঞ্চয়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বায়ুমণ্ডলের অনুকূল অবস্থাও সিস্টেমটির শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। শনিবার (১৪ নভেম্বর) এর মধ্যে সেটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। রবিবার (১৫ নভেম্বর) এর মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। এরপর সোমবার থেকে মঙ্গলবারের (১৬-১৭ নভেম্বর) মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে কয়েকটি মডেলের পূর্বাভাসে ইঙ্গিত মিলেছে। পরিস্থিতি অনুকূল থাকলে ১৮ নভেম্বরের মধ্যে সেটি আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে 'আকভান'। নামটি প্রস্তাব করেছে ইরান।
তবে সিস্টেমটির সম্ভাব্য গতিপথ নিয়ে এখনো আবহবিদদের মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। বিভিন্ন মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে। জিএফএস মডেলের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি প্রথমে উত্তর দিকে এগিয়ে পরে অভিমুখ কিছুটা পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে যেতে পারে এবং ১৯ নভেম্বরের মধ্যে তীব্র থেকে খুব তীব্র মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অন্যদিকে, ইসিএমডব্লিউএফসহ আরও কয়েকটি মডেল মনে করছে, সিস্টেমটি উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে ১৯ নভেম্বর নাগাদ অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছাবে। আবার মিথুনাসহ কয়েকটি মডেলের মতে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত নাও হতে পারে। আপাতত কোনো মডেলই সিস্টেমটির পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের দিকে আসার ইঙ্গিত দেয়নি।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় হবে কি না এবং তা হলেও গতিপ্রকৃতি কী হবে, সেটা দিনদুয়েকের মধ্যে অনেকটাই বোঝা যাবে। গভীর নিম্নচাপ তৈরি হলে পরবর্তী গতিপ্রকৃতি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বঙ্গোপসাগরের পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনার কথা বেশি বলা হলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সমুদ্রের ওপর দিয়ে এগোনোর সময় সিস্টেমটির গতিপথে বাঁক নেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। মায়ানমারের কাছে উচ্চচাপ বলয়ের অবস্থান, পশ্চিমী ঝঞ্ঝার আগমন এবং জেট স্ট্রিমের অবস্থানের ওপর নির্ভর করতে পারে এর গতিপথ।
নতুন নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের বিভিন্ন অংশে ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৩ ও ১৪ নভেম্বর আন্দামান সাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। ১৫ থেকে ১৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটারে। ১৬ ও ১৭ নভেম্বর মধ্য বঙ্গোপসাগরেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ১৭ থেকে ২২ নভেম্বরের মধ্যে বাংলার উপকূল ও সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ১৮ নভেম্বরের শেষভাগ থেকে পরবর্তী তিন থেকে চার দিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কয়েকটি জায়গায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ও ঝোড়ো হাওয়ার গতিবেগ কতটা হবে, তা নির্ভর করবে সিস্টেমটির গতিপথ ও শক্তির ওপর। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন নিম্নচাপের সরাসরি প্রভাব আপাতত পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই; আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উল্লেখ্য, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুর মধ্যে বঙ্গোপসাগরে পরপর দুটি ঘূর্ণিঝড় 'অর্ণব' ও 'মুরাসু' তৈরি হয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অক্টোবর-নভেম্বর মাসে কম সময়ের ব্যবধানে তিনটি ঘূর্ণিঝড় তৈরি হলেও তাতে কোনো অস্বাভাবিকতা নেই। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আগামী কয়েক দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর আবহবিদদের।
তথ্যসূত্র: এবিপি আনন্দ, আজ তাক বাংলা, বর্তমান পত্রিকা, আরাম্ভ পত্রিকা।

No comments:
Post a Comment