সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৭ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে এই অর্থ চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ফেরত দিতে এই টাকা চাওয়ার সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন ধরে নিজেদের জমানো টাকা ফেরত না পাওয়া আমানতকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ছবি: সংগৃহীত
যেসব আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছে সেগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স কোম্পানি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে দীর্ঘদিন ধরে তা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। অনিয়ম ও জালিয়াতির কারণে প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, ৯ প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের আমানতকারীদের টাকা ফেরত দিতে জরুরি ভিত্তিতে লাগবে প্রায় দেড় হাজার কোটি টাকা। আর বাকি পাঁচটি প্রতিষ্ঠানের জন্য লাগবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানগুলোর ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়া হবে। অর্থাৎ যেসব আমানতকারীর জমা ১০ লাখ টাকা বা তার কম, তাঁরা পুরো টাকাই ফেরত পাবেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, রেজোল্যুশন প্রক্রিয়ায় থাকা চার প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত দিতে মোট ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা প্রয়োজন। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে দরকার হবে ১ হাজার ১৬৭ কোটি টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ ফেরত দিতে প্রায় ১৯০ কোটি টাকা, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি টাকা লাগবে। চার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থ প্রয়োজন হবে আভিভা ফাইন্যান্সের আমানতকারীদের জন্য। প্রতিষ্ঠানটির জন্য ৭৪৫ কোটি টাকা চাওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য চাওয়া হয়েছে ৫৫০ কোটি টাকা, এফএএস ফাইন্যান্সের জন্য ৮৫ কোটি এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি টাকা।
রেজোল্যুশন প্রক্রিয়ার বাইরে থাকা পাঁচ প্রতিষ্ঠানের অর্থ ফেরত দিতে লাগবে প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের জন্য দরকার হবে ৭১২ কোটি টাকা। তবে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকায় এখনই প্রতিষ্ঠানটির জন্য অর্থ বরাদ্দ চাওয়া হচ্ছে না। আদালতের অনুকূল রায় পাওয়ার পর এ অর্থ বরাদ্দের জন্য পৃথক প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে বাকি চার প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৭ কোটি টাকা, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৯ কোটি, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৮ কোটি এবং বিআইএফসির জন্য ৫২ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান রয়েছে। আর ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সকে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে। ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গত ২৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৯টি সংকটাপন্ন ফাইন্যান্স কোম্পানিকে রেজোল্যুশন প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত হয়। এসব প্রতিষ্ঠানে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি ও প্রিমিয়ার লিজিংকে তিন মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানকে ব্যবসায়িক সক্ষমতা প্রমাণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি দিলেও সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। অর্থ বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ব্যাংক হচ্ছে মূলধারা। গুরুত্বের দিক থেকে এর পরের ধাপে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান। অথচ ব্যাংক খাতের আমানতকারীরা ২ লাখ টাকা ফেরত পাবেন আর আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা পাবেন ১০ লাখ টাকা করে। এটা অন্যায্য বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি, বিনিয়োগকারীদের দুর্দশা ও করণীয় সরকারকে জানিয়েছে। সরকার এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি সমকালকে বলেন, এসব প্রতিষ্ঠানের অধিকাংশ ঋণই নামে-বেনামে দেওয়া হয়েছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একটি আমানত পরিশোধ কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আপাতত রেজোল্যুশনের আওতায় থাকা চার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থ বাংলাদেশ ব্যাংকের তহবিলে বরাদ্দ দিতে অর্থ বিভাগকে অনুরোধ করা হয়েছে। সরকারের সিদ্ধান্তের ওপর এখন নির্ভর করছে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা হাজারো আমানতকারী কবে তাঁদের টাকা ফেরত পাবেন।
তথ্যসূত্র: প্রথম আলো, সমকাল, বিজনেস বার্তা।

No comments:
Post a Comment