...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ব্যাখ্যা চাইল বিজিএমইএ

মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ব্যাখ্যা চাইল বিজিএমইএ

মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ব্যাখ্যা চাইল বিজিএমইএ

 

ছবি: সংগৃহীত

তৈরি পোশাক খাতের মজুরি নির্ধারণের আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া তথ্যে আপত্তি তুলে সংস্থাটির কাছে ব্যাখ্যা চেয়েছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক বরাবর এ চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মজুরি বিবেচনায় শ্রমিক পরিবারের সদস্য সংখ্যা, উপার্জনকারী ব্যক্তির সংখ্যা ও মূল্যস্ফীতির হিসাবে বাড়ি ভাড়াকে দুবার দেখানোসহ কয়েকটি বিষয়ে আপত্তি তুলেছে বিজিএমইএ।

গত ১৮ নভেম্বর ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬, বিবেচ্য বিষয়সমূহ’ শিরোনামে ব্রিফিং করে সিপিডি। সেখানে চলমান শ্রম অসন্তোষ সমাধানের কয়েকটি প্রস্তাব দিয়ে সংস্থাটি মতামত দেয় যে, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে ন্যূনতম বেতন ১৮ হাজার ৫৭৮ টাকা ও মর্যাদাপূর্ণ ন্যূনতম মানবিক জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিলে মজুরি হয় ২৪ হাজার ২০৪ টাকা। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, আমাদের মূল বক্তব্য হচ্ছে, আলোচনাটা হওয়া উচিত আঠারো হাজার ৫৭৮ টাকা আর চব্বিশ হাজার ২০৪ টাকার মধ্যে।

মজুরি নির্ধারণে সিপিডির এই টাকার অঙ্কের সীমা ঠিক করে দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। শুক্রবার তিনি বলেন, সিপিডি তো গবেষণা করে। সিপিডি তো মজুরি প্রস্তাব করবে না। এটা করবে সংশ্লিষ্টরা, মজুরি বোর্ড। তারা যে আলোচনাটা করেছে, সেখানে তথ্যগত কিছু আপত্তি আছে। আমরা তার ব্যাখ্যা চেয়েছি। তিনি বলেন, আমরা আমাদের প্রস্তাব আগামী সভায় দেব।

বিজিএমইএ সভাপতি বলেন, মূল্যস্ফীতির হিসাব করার সময় সিপিডি খাদ্যবহির্ভূত খাতের কথা বলেছে। এ খাতে সবচেয়ে বেশি খরচ হয় বাড়ি ভাড়ায়। তারা খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দেখিয়েছে, যার মধ্যে বাড়ি ভাড়া তো আছেই, আবার এর বাইরে বাড়ি ভাড়াকে আলাদা দেখিয়ে যোগ করেছেন। তাতে বাড়িভাড়ার খরচ দুবার যোগ হলো। আমরা এই ব্যাখ্যাটা চেয়েছি।

সিপিডিকে পাঠানো চিঠিতে বিজিএমইএ সভাপতি বলেছেন, সংস্থাটি তাদের পাঁচটি গবেষণা প্রতিবেদন থেকে ‘মিডিয়ান’ বা মধ্যবর্তী সংখ্যা বের করায় পরিবারের সদস্য সংখ্যা ৪ ও উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। তাতে আপত্তি জানিয়ে বিজিএমইএ বলেছে, এ ক্ষেত্রে গড় বিবেচনা করা যৌক্তিক হতো, কারণ এতে সব গবেষণার ফল সঠিকভাবে প্রতিফলিত হতো।

উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা সিপিডির সবশেষ প্রতিবেদনে কমেছে দাবি করে বিজিএমইএ বলেছে, সিপিডির নিজস্ব ২০২৩ সালের তৈরি পোশাক শ্রমিক জরিপে পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ছিল ২ জন। অর্থাৎ, সিপিডির ১৮ নভেম্বর ২০২৬ তারিখের প্রেজেন্টেশন অনুযায়ী বিগত ৩ বছরের ব্যবধানে শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা বেড়েছে, অপরদিকে উপার্জনক্ষম সদস্যসংখ্যা কমেছে, যা বস্তুনিষ্ঠ বলে মনে করছে না বিজিএমইএ। মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালের ৪ দশমিক ৬৬ জন থেকে ২০২৩ সালে ৩ দশমিক ৯৬ জনে নেমে এসেছে। পরিবারের জাতীয় গড় সদস্যসংখ্যা যখন ক্রমহ্রাসমান, তখন তৈরি পোশাক শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি বোধগম্য নয়।

দারিদ্র্যসীমা নির্ধারণ নিয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সিপিডির প্রতিবেদনে শুধুমাত্র ঢাকা শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমাকে ভিত্তি ধরে সমগ্র শিল্পের জন্য মজুরির পরিমাণ নির্ণয় করা হয়েছে। অথচ ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের তথ্য অনুযায়ী, ঢাকা শহর এলাকায় জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। বিজিএমইএর দাবি, অন্তত ঢাকা শহরাঞ্চল ও ঢাকা গ্রামাঞ্চলের গড় ৪ হাজার ৫৭৮ টাকা বিবেচনা করা যৌক্তিক হতো। সংগঠনটি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহর এলাকার কারখানাগুলো থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে। বাকি ৯১ শতাংশ রপ্তানি হয়েছে অন্যান্য এলাকা থেকে।

খাদ্যবহির্ভূত ব্যয় ও আবাসন ব্যয়ের হিসাব নিয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। চিঠিতে বলা হয়েছে, সিপিডি অ্যাংকর পদ্ধতি অনুসরণ করে খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ এর ৪০তম পার্সেন্টাইল অনুযায়ী খাদ্য ব্যয়ের শূন্য দশমিক ৮৬৬৭ গুণ ধরে খাদ্যবহির্ভূত ব্যয় হিসাব করেছে। এর সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে। বিজিএমইএর যুক্তি, খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসনসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এর সঙ্গে নতুন করে আবাসন ব্যয় যোগ করলে একই খরচ দুইবার গণনা হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া ২০২৩ সালে দেওয়া নিম্নতম সাড়ে ১২ হাজার টাকার মজুরিকে ভিত্তি ধরে বর্তমান মূল্যে মূল্যস্ফীতির সমন্বয় করেছে সিপিডি। তাতে ২০২৬ সালে একই ক্রয়ক্ষমতা ধরলে ন্যূনতম মজুরি হয় অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা বলেছে। এ হিসাব পদ্ধতিতে আপত্তি করে বিজিএমইএ বলেছে, ২০২৩ পরবর্তী সময়ে প্রদত্ত বার্ষিক ইনক্রিমেন্ট, বিশেষত ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আরোপিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়া হয়নি।

চিঠিতে মজুরি বাড়ানোর ক্ষেত্রে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার দাবিও জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটি বলেছে, গত এক দশকেরও বেশি সময় ধরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় সিপিডির সক্রিয় ভূমিকা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করা হয়েছে, বিশেষ করে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে।

মজুরি বোর্ড গঠন হওয়ার পরে শ্রমিকদের পক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম বেতনের প্রস্তাব করা হয়। গত ১৬ নভেম্বর মজুরি বোর্ডের সভা করার তারিখ ঘোষণা করা হলেও এক সদস্যের অনুপস্থিতিতে সভাটি পিছিয়ে ২৩ নভেম্বরে নেওয়া হয়। ওই দিন মালিকপক্ষের তরফে প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সমকাল।

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)