...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

ডিজেলে লিটারে ৪৪ টাকা লোকসান, আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি

ডিজেলে লিটারে ৪৪ টাকা লোকসান, আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি

ডিজেলে লিটারে ৪৪ টাকা লোকসান, আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি

 

ছবি: সংগৃহীত

দেশে ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত সপ্তাহে এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। প্রস্তাবনায় জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার বিষয়টিও রাখা হয়েছে।

বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চাওয়া হয়েছে। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি। হয়তো কয়েকদিন পর জানানো হবে। জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জনগণের ভোগান্তি যেন না হয়, তাই বাস্তবতার নিরিখে মূল্য সমন্বয় করা যায় কি না, সেটা প্রস্তাবে রাখা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে ডিজেলের দাম বেড়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমায় জ্বালানি কিনতে খরচ বাড়ছে। সংস্থাটির হিসাবে, জ্বালানি তেল আমদানি করে বিক্রিতে ভর্তুকি দিতে গিয়ে গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ কোটি ৭৯ লাখ টাকা। গড়ে প্রতিমাসে লোকসান দিতে হচ্ছে ৩ হাজার ৪৫৯ কোটি টাকা।

লোকসানের সবচেয়ে বড় অংশ আসছে ডিজেল থেকে। দেশে ব্যবহৃত সব ধরনের জ্বালানি তেলের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ৬৫ দশমিক ৩০ শতাংশ চাহিদা ডিজেলের। বিপিসির অক্টোবর মাসের হিসাবে, প্রতি লিটার ডিজেলে আমদানি, শুল্ক কর ও অন্যান্য খরচ মিলিয়ে খরচ হয় ১৭৯ টাকা ৩৯ পয়সা। আর ডিজেল বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকায়। সে হিসাবে প্রতি লিটার ডিজেলেই লোকসান হচ্ছে ৪৪ টাকা ৩৯ পয়সা। এই হারে এক বছরে ডিজেলে লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে ২২ হাজার ১০০ কোটি টাকা।

বিপিসির প্রস্তাবনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল ৪৩ লাখ ৩ হাজার টন। ২০২৬-২৭ অর্থবছরে ডিজেল লাগতে পারে প্রায় ৪৬ লাখ টন। যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ৮৬ ডলার। এপ্রিলে তা বেড়ে সর্বোচ্চ ২৮৪ ডলার হয়। সবশেষ গত অক্টোবর মাসে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ১৫৪ ডলার।

অন্যদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাবও জ্বালানির দামে পড়ে। বিপিসির হিসাবে, ডলারের বিনিময় হার যদি শুধু ১ টাকা অবমূল্যায়ন হয়, তাহলে প্রতি লিটার ডিজেলের দাম বাড়ে ১ টাকা ৪৫ পয়সা।

তবে অকটেন ও পেট্রোলে বর্তমানে লোকসান নেই। ১৫৫ টাকা ২৬ পয়সা খরচের প্রতি লিটার অকটেন বিক্রি করা হচ্ছে ১৬৫ টাকায়। ১৫১ টাকা ২৬ পয়সা খরচের পেট্রোল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আর ১৪১ টাকা ২৬ পয়সার ফার্নেস অয়েল ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে ১০৮ টাকা ৭৮ পয়সায়।

এরই মধ্যে মূলধন সংকটে পড়েছে বিপিসি। সংস্থাটির প্রতিবেদনে দেখা যায়, জ্বালানি তেলের ব্যয় নির্বাহের জন্য ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ইউনিট-২ সহ অন্যান্য প্রকল্পের হিসাব থেকে সংস্থাটি এখন পর্যন্ত ২১ হাজার কোটি টাকা তুলে নিয়েছে। বিপিসির হাতে এখন চলতি মূলধন আছে ৬ হাজার ১২৯ কোটি টাকা, অথচ দুই মাসের জ্বালানি তেল আমদানির জন্য ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি টাকা প্রয়োজন হয়। আর বিভিন্ন ব্যাংকে ৩২টি এলসির বিপরীতে ৫ হাজার ৫১২ কোটি টাকার ঘাটতি আছে।

ঘাটতি মেটাতে অর্থ বিভাগ থেকে গত ২৯ সেপ্টেম্বর সাড়ে ৪ হাজার কোটি টাকা সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। তারপরও সংকট কাটেনি। চলতি বছরের ১ মার্চ সংস্থাটির আর্থিক স্থিতি ছিল ৩৭ হাজার ২৮৭ কোটি টাকা। সাড়ে আট মাস পর গত ৮ নভেম্বর বিপিসির আর্থিক স্থিতি ১১ হাজার ৬৫৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। মূলধন সংকটের বিষয়টি স্বীকার করে বিপিসি চেয়ারম্যান বলেন, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সংস্থার প্রায় ১ হাজার ৮৮৮ কোটি ৩৯ লাখ টাকা আটকে আছে। সেগুলো ফেরাতে কমিটি করে দেওয়া হয়েছে।

এদিকে মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় সাময়িকভাবে জ্বালানি তেলের ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার অথবা ইনভয়েস মূল্যের পরিবর্তে আগের মতো ট্যারিফ ভ্যালুতে শুল্ক-কর নির্ধারণ অথবা ইনভয়েস মূল্যে শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেলে শুল্ক কর দিতে হয় ৩৫ টাকা। আগে ট্যারিফ ভ্যালু হিসেবে প্রতি লিটারে নেওয়া হতো ১৬ টাকা ৭৬ পয়সা। বর্তমানে জ্বালানির প্রকৃত আমদানি মূল্য বা ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্ক ও কর নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে জ্বালানি তেল খাতে কোনো ভর্তুকি বরাদ্দ রাখা হয়নি। কয়েক বছর বিপিসি লাভ করায় ভর্তুকি লাগেনি, কিন্তু মধ্যপ্রাচ্য পরিস্থিতি জটিল হওয়ায় এখন চিত্র বদলে গেছে। এর আগে এপ্রিল ও মে মাসের লোকসান পোষাতে সরকারের কাছে প্রায় ৭ হাজার ৬১০ কোটি টাকা ভর্তুকি চেয়েছিল সংস্থাটি। এপ্রিলে লোকসান হয়েছিল ২ হাজার ২৭০ কোটি টাকা, মে মাসে ৫ হাজার ৩৪০ কোটি টাকা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪ সালের মার্চ থেকে বাংলাদেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ শুরু হয়। তবে যুদ্ধের কারণে দাম অস্বাভাবিকভাবে বাড়ায় এখন ভর্তুকি ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। অর্থ মন্ত্রণালয় বিপিসির নতুন প্রস্তাবে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন সবার নজর।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সমকাল।

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)