...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ: ৫,৫০০ জনকে পিআর দেবে অটোয়া

২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ: ৫,৫০০ জনকে পিআর দেবে অটোয়া
কানাডার নোভা স্কশিয়ার পিকটু শহরের ম্যাককালোক হাউস জাদুঘর

ছবি: সংগৃহীত

কানাডায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন এমন দক্ষ বিদেশি কর্মীদের জন্য এলো বড় সুখবর। দেশটির গ্রামীণ ও ছোট শহরকেন্দ্রিক জনপ্রিয় অভিবাসন উদ্যোগ ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট’ (আরসিআইপি) এবার পরীক্ষামূলক পর্যায় পেরিয়ে স্থায়ী কর্মসূচিতে রূপ নিচ্ছে। নতুন ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ কার্যকর হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে। এর আওতায় ছোট শহর ও গ্রামীণ এলাকার নিয়োগকর্তারা তাঁদের প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগের সুযোগ পাবেন, আর যোগ্য বিদেশি কর্মীরা চাকরির মাধ্যমে স্থায়ী বসবাসের (পিআর) আবেদন করতে পারবেন।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী লেনা মেটলেজ দিয়াব গত ৯ নভেম্বর নোভা স্কশিয়ার পিকটু কাউন্টিতে এই ঘোষণা দেন। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন কর্মসূচির মাধ্যমে বড় শহরের বাইরে ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী কর্মসূচি চালুর বিধিমালা গত ৪ নভেম্বর কানাডা গেজেটে প্রকাশিত হয়েছে।

নতুন কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আগের পাইলট প্রকল্পে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নোভা স্কশিয়ার পিকটু কাউন্টি; অন্টারিওর নর্থ বে, সাডবেরি, টিমিন্স, সল্ট স্টি. মেরি ও থান্ডার বে; ম্যানিটোবার স্টেইনবাখ, আলটোনা-রাইনল্যান্ড ও ব্র্যান্ডন; সাসকাচুয়ানের মুজ জো; আলবার্টার ক্লেয়ারশোলম এবং ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়ার্ড। সরকার জানিয়েছে, ভবিষ্যতে আরও কমিউনিটি এই কর্মসূচিতে যুক্ত হতে পারে।

এই কর্মসূচিতে আবেদন করতে হলে প্রথমেই তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র (কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট) সংগ্রহ করতে হবে। আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে পেশার ধরন অনুযায়ী ভিন্নতা রয়েছে। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির (টিইইআর ০ ও ১) জন্য সিএলবি ৬, টিইইআর ২ ও ৩-এর জন্য সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর জন্য সিএলবি ৪ পর্যায়ের ভাষাগত দক্ষতা প্রয়োজন। বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।

আবেদনের প্রক্রিয়া শুরু হবে চাকরি খোঁজা দিয়ে। প্রথমে আবেদনকারীকে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। এরপর অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। নিয়োগকর্তা সংশ্লিষ্ট কমিউনিটির কাছে আবেদনকারীর সুপারিশের জন্য আবেদন করবেন। কমিউনিটির অনুমোদন পাওয়ার পর আবেদনকারী আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে এবং চাকরিটি স্থানীয় অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে। প্রতিটি কমিউনিটি নিজেদের অনুমোদিত নিয়োগকর্তার তালিকা, অগ্রাধিকারপ্রাপ্ত পেশা এবং আবেদনের সময়সূচি নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করে থাকে।

কানাডার ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জন স্থায়ী বাসিন্দা ভর্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের লক্ষ্য, বড় শহরগুলোর বাইরে ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলেও দক্ষ কর্মীদের বসবাস নিশ্চিত করা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা। ২০২৮ সালে এই লক্ষ্যমাত্রা ৬ হাজার এবং ২০২৯ সালে ৬ হাজার ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে ২০২৭ সালের লক্ষ্যের ক্ষেত্রে ৪ হাজার থেকে ৬ হাজার ৫০০ জনের একটি পরিচালন পরিসরও নির্ধারণ করা হয়েছে।

আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (আরএনআইপি) কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০-এর বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন। অন্যদিকে, বর্তমান আরসিআইপি পাইলট কর্মসূচিতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তা অনুমোদিত হয়েছেন এবং ৪ হাজার ৭০০-এর বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে।

বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে এর আওতায় আগে জমা দেওয়া স্থায়ী বসবাসের আবেদনগুলো প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে। যাঁদের কমিউনিটি সুপারিশপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, তাঁদের সেটির মেয়াদ শেষ হওয়ার আগে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে। নতুন কর্মসূচির জন্য সুপারিশপত্র ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পরের তারিখে ইস্যু হতে হবে।

কানাডা সরকারের এ উদ্যোগকে গ্রামীণ অঞ্চলের শ্রমবাজারে কর্মীসংকট মোকাবিলা এবং অভিবাসীদের জন্য বড় শহরের বাইরে নতুন বসতি গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির তালিকা ও অভিবাসনের শর্তগুলো ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে অর্থের বিনিময়ে চাকরির প্রস্তাব বা সুপারিশপত্র কেনার চেষ্টা করা উচিত নয়, কারণ এতে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন, খবর ৭১, সময়ের আলো, নবোদয়, আটলান্টিক পোস্ট

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)