![]() |
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে একসঙ্গে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু-সহনশীল ও টেকসই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষা—এই দুটিকে আলাদা করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ সবার আগে'—এই দর্শনের আলোকেই সরকার এগিয়ে চলছে। তাঁর ভাষায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা হাতে হাত ধরে চলতে হবে। দেশের শিল্পায়ন ও উন্নয়ন এমনভাবে হতে হবে, যাতে প্রকৃতি সুরক্ষিত থাকে এবং পরিবেশগত ভারসাম্য বজায় থাকে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে সরকার ইতিমধ্যে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।
ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের জলবায়ু ঝুঁকির কথা তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোই। এই বৈষম্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জলবায়ু ন্যায়বিচারের দাবি জানান।
জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা ও অনিয়মিত বৃষ্টিপাতের মতো ঝুঁকি বাংলাদেশের কৃষি, পানি সম্পদ ও উপকূলীয় জনজীবনের ওপর চাপ বাড়াচ্ছে। এ কারণেই অভিযোজনে বিনিয়োগ ও ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন।
সবুজ রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে এবং এ খাতে বিশেষ কর প্রণোদনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পও এগিয়ে নেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে এখন প্রায় তিন শতাধিক পোশাক কারখানা পরিবেশবান্ধব ভবনের আন্তর্জাতিক স্বীকৃতি এলইইডি সনদ পেয়েছে। বৈদ্যুতিক যানবাহনকে উৎসাহ দেওয়া হচ্ছে, পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো হচ্ছে এবং কার্বন বাণিজ্যের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে অর্থনীতিকে সবুজ পথে নেওয়ার চেষ্টা চলছে।
পরিবেশ পুনরুদ্ধারে সরকারের বড় পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হবে, যাতে পানি ধারণক্ষমতা বাড়ে, বন্যার ঝুঁকি কমে, জলাভূমি পুনরুদ্ধার হয় এবং ভূগর্ভস্থ পানি পুনর্ভরণ হয়। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। উপকূলের পুনরুদ্ধারকৃত ভূমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের কাজ চলছে, যা উপকূলীয় জনগোষ্ঠীকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে।
জলবায়ু অর্থায়ন ব্যবস্থার ত্রুটির দিকে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়ন এখনো অপর্যাপ্ত এবং অনেক ক্ষেত্রেই তা উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকারকে প্রতিফলিত করে না। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণ বাড়ায় এমন ঋণের পরিবর্তে অনুদান প্রয়োজন বলে জোর দিয়ে বলেন তিনি। নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তির সুযোগ এবং অভিযোজনে আরও সহায়তার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ করতে হবে। ঋণ-জলবায়ু অদলবদল এবং জলবায়ু-সহনশীল ঋণ ধারার মতো ঋণ-মওকুফের ব্যবস্থা চালু করতে হবে এবং জলবায়ুবান্ধব প্রযুক্তির ন্যায্য সুযোগ নিশ্চিত করতে হবে। সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরের পাশাপাশি কপ-৩১-এ ন্যায্য রূপান্তরের জন্য বেলেম-আন্তালিয়া কর্মপদ্ধতি গ্রহণের আহ্বান জানান তিনি।
জলবায়ু কর্মকাণ্ডে নারী ও তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং বৈশ্বিক নির্গমন কমানোর গতি বাড়াতে হবে, যাতে তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জন সম্ভব হয়। কপ-৩১ থেকে অর্থবহ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করে তিনি বিশ্বনেতাদের প্রতি অঙ্গীকারকে কাজে রূপ দেওয়ার এবং বৈশ্বিক সংহতি জোরদার করার আহ্বান জানান।
ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে এবং আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান। তিনি তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিনে বুধবার কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। বুধবার রাতে আন্তালিয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিভিন্ন দেশের বিশ্বনেতারা রূপান্তরমূলক হিসেবে বিবে�চনা করছেন।
তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যুগান্তর।

No comments:
Post a Comment