...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সারাদেশে টানা বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সারাদেশে টানা বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সারাদেশে টানা বৃষ্টির আভাস

 

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আজ সকাল ৬টায় এটি ১৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

গত ১৬ নভেম্বর দুপুরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নেয়। এরপর এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ১৭ নভেম্বর ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি ছিল।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

প্রথম দিনের (১৯ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

দ্বিতীয় দিন (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে ২০ ও ২১ নভেম্বর।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আকভানের প্রভাবে দেশজুড়ে একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টিবলয় সক্রিয় হতে চলেছে। এতে দেশের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার শুরু হওয়া এই বৃষ্টিবলয় আগামী সোমবার পর্যন্ত ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। ২০ ও ২১ নভেম্বর এর সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে।

বিভাগভিত্তিক হিসাবে এই পাঁচ দিনে ঢাকায় ১৪০ থেকে ১৬০ মিলিমিটার, খুলনায় ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রাজশাহীতে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং বরিশালে ৮০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। জেলাভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপরে জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। স্বাভাবিক সময়ের অপেক্ষা দুই থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঘূর্ণিঝড় আকভানের যাত্রাপথ কিছুটা উত্তর-পশ্চিম দিকে ভারতের ওড়িশা রাজ্যের দিকে সরে গেছে। ফলে বাংলাদেশের ওপরে পূর্ব অপেক্ষা বেশি পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। গতকাল থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে।

টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় তাপমাত্রা হঠাৎ উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। বৃষ্টিবলয়ের প্রভাবে আবহাওয়া বেশ শীতল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি। এ সময় কালবৈশাখী বা শিলাবৃষ্টির আশঙ্কা নেই। তবে দেশের অধিকাংশ স্থানে দমকা বা মাঝারি হাওয়া বইতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। ঘূর্ণিঝড় আকভানের পরবর্তী গতিপথ ও বৃষ্টির আপডেট আসলে জানানো হবে।

সূত্র: এনটিভি, ইত্তেফাক, সময়, দ্য ডেইলি স্টার, আমার দেশ।

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)