ছবি: সংগৃহীত
রাজধানীর রাস্তায় চলাচল শুরু করেছে নিবন্ধনযুক্ত ব্যাটারিচালিত ই-রিকশা। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো এসব যানবাহন বৈধভাবে চলছে। তবে চালুর শুরুতেই ভাড়া নিয়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। ভাড়া ও চালকের দৈনিক জমা নির্ধারণে সরকারি কোনো নির্দেশনা না থাকায় যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন চালকেরা।
গত ১৬ নভেম্বর বিকেলে রাজধানীর গাবতলীর মাজার রোডে একটি ই-রিকশা দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে কত ভাড়া লাগবে, জানতে চাইলে ই-রিকশাটির চালক মো. শাহীন ৫০০ টাকা দাবি করেন। দরদামের একপর্যায়ে ৪০০ টাকায় যেতে রাজি হন তিনি। মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটারের একটু বেশি। সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী এই দূরত্বের ভাড়া হওয়ার কথা ১৪০ টাকা।
এত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে মো. শাহীন প্রথম আলোকে বলেন, তিনি ভাড়ায় রিকশা চালান। মালিককে প্রতিদিন এক হাজার টাকা জমা দিতে হয়। দ্রব্যমূল্য বেড়েছে, তাই ভাড়াও বেশি নিতে হচ্ছে।
রাজধানীতে যেসব নতুন ই-রিকশা নেমেছে, তার মালিক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি নতুন ই-রিকশা নামাতে খরচ পড়ছে প্রায় পাঁচ লাখ টাকা। ই-রিকশা চালাতে মালিককে প্রতিদিন ৮০০ থেকে এক হাজার টাকা জমা দিতে হচ্ছে চালকদের। জমার টাকা তুলতে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন তাঁরা।
ই-রিকশার ভাড়া ও দৈনিক জমা নির্ধারণে সরকারি কোনো নির্দেশনা নেই। সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। তবে এতে জমা ও ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি। নতুন এই যান চালুর শুরুতেই তাই সিএনজিচালিত অটোরিকশার মতো ভাড়া নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে।
ই-রিকশার নকশা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল। গবেষকেরা দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত ত্রুটি পর্যালোচনা করে নতুন নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করেছেন। নতুন নকশার রিকশায় তিনটি চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও বিকল্প পার্কিং ব্রেক রাখা হয়েছে। আছে পেছনের যান দেখার আয়না, মোড় নেওয়ার সংকেতবাতি, ছাউনি, সামনের কাচ ও স্থায়ী হেডলাইট।
বুয়েটের গবেষক দলের নির্দেশিকা অনুযায়ী, একটি ই-রিকশা তৈরি করতে ব্যাটারি ছাড়া খরচ হওয়ার কথা প্রায় দেড় লাখ টাকা। সঙ্গে ব্যাটারির দাম যুক্ত হবে। তবে বুয়েটের নির্দেশনা অনুযায়ী ই-রিকশা তৈরি করছে, এমন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে একটি ই-রিকশার দাম ৩ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা। আকিজ মটরসের তৈরি বুয়েট অনুমোদিত ই-রিকশার দাম ৩ লাখ ৭২ হাজার টাকা। মনির অটোতে একই ধরনের রিকশার দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা।
তবে ডিলার পর্যায়ে এখনই একটি ই-রিকশার দাম প্রায় পাঁচ লাখ টাকা ছুঁয়ে ফেলেছে। মিরপুরের কাফরুল এলাকার মনির অটোর ডিলার মেসার্স আরাফ এন্টারপ্রাইজ একটি ই-রিকশা বিক্রি করছে চার লাখ ৬৫ হাজার টাকায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে নিবন্ধন করালে আরও ২০ হাজার টাকা দিতে হয়। সব মিলিয়ে খরচ দাঁড়ায় ৪ লাখ ৮৫ হাজার টাকা।
নতুন বিধিমালায় ই-রিকশার নিবন্ধন, কারিগরি মান, নিরাপত্তা ও চলাচলের শর্ত নির্ধারণ করা হয়েছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন ব্যক্তি এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। বুয়েটের নির্ধারিত কারিগরি ও নিরাপত্তার মান পূরণ, ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া ই-রিকশার নিবন্ধন বা নবায়ন করা যাবে না। নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেওয়ার বিধান রয়েছে।
সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী, দুই যাত্রী বহনের উপযোগী ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রী বহনের উপযোগী রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা। ফিটনেস সনদের জন্য দিতে হয় এক হাজার টাকা।
ঢাকার রিকশাচালকদের বড় অংশই বিভিন্ন জেলা থেকে এসে শহরে বসবাস করেন। তাঁদের অধিকাংশের নিজের রিকশা নেই। অন্যের রিকশা দৈনিক জমার ভিত্তিতে ভাড়া নিয়ে চালান। একটি ই-রিকশার দাম প্রায় পাঁচ লাখ টাকা হওয়ায় সাধারণ চালকদের পক্ষে সেটি কিনে চালানো কঠিন। এ কারণে নতুন রিকশা চালুর পরও মালিকের কাছ থেকে দৈনিক জমায় রিকশা ভাড়া নেওয়ার পুরোনো ব্যবস্থাই বহাল থাকছে।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রথম আলোকে বলেন, দেশের সব সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে ই-রিকশা চালকের দৈনিক জমা এবং যাত্রীদের যাতায়াত ভাড়া নির্ধারণ করবে। সেই নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তবে ভাড়া ও জমা নির্ধারণের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তথ্যসূত্র: প্রথম আলো, ডিজিটাল টাচ

No comments:
Post a Comment