ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধন পেতে আবেদনকারীদের কাছ থেকে বাড়তি চার ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আবেদনকারী কোন এলাকার বাসিন্দা, তাঁর পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজেই ই-রিকশা চালাবেন কি না—এই চার বিষয় আবেদন ফরমে উল্লেখ করতে হবে। বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম প্রথম আলোকে বলেন, আবেদন ফরমে অতিরিক্ত চারটি বিষয় যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফরম ছাপানোর কাজ শুরু হবে। এরপর তা বিতরণ করা হবে। তিনি জানান, ফরমের দাম কত রাখা হবে, সে বিষয়েও মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফরমের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে।
এক লাখ ফরম বিক্রির পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি। সংস্থাটি তাদের আওতাধীন ১০ অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রির পরিকল্পনা করছে। ওই চার অঞ্চলের জন্য চার রঙের আলাদা আবেদন ফরম তৈরি করা হবে।
তবে কতটি ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এ বিষয়ে জরিপ করছে। তাদের সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে প্রতিটি জোনে কতটি অটোরিকশা চলতে পারবে, তা নির্ধারণ করা হবে।
ঢাকা উত্তর সিটির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা আগে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অটোরিকশা না কিনে আবেদন জমা দেওয়া যাবে না। অর্থাৎ, গাড়ি কেনার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে। তাদের এটি কিনতে হবে অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে থেকে। আবেদন ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে।
ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধনের জন্য অন্যতম শর্ত হলো, গাড়িটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এরপর বুয়েটের কাছ থেকে কারিগরি অনুমোদন নিতে হবে। ডিএনসিসির রাজস্ব বিভাগের ওই কর্মকর্তা জানান, এ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতটি প্রতিষ্ঠান সারা দেশে নির্ধারিত নকশায় অটোরিকশা উৎপাদনের অনুমতি পেয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। বাকি দুটি প্রতিষ্ঠান অনুমোদন পেলেও এখনো উৎপাদনে যায়নি। উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এ বিধিমালা কার্যকর হবে। বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি নিবন্ধিত অটোরিকশার জন্য কিউআর কোডযুক্ত আলাদা নম্বর ও নম্বরপ্লেট থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে।
বিধিমালায় জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষের নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন সড়কে চলাচল করতে পারবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে। গত ১ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন—প্রতিটিতে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের অটোরিকশার রং আলাদা হবে। এক জোনের নিবন্ধিত অটোরিকশা অন্য জোনে চলতে পারবে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আবেদন ফরম বিক্রি শুরু করলেও সংস্থাটি স্পষ্ট করেছে, ফরম সংগ্রহ করলেই অটোরিকশা চালানোর অনুমতি পাওয়া যাবে না। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে। সংস্থাটি প্রাথমিকভাবে তাঁদের আওতাধীন ১০ অঞ্চলে ১৫ হাজার করে দেড় লাখ অটোরিকশার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসেবে শুরুতে ঢাকার দুই সিটিতে অন্তত আড়াই লাখ নতুন ব্যাটারিচালিত অটোরিকশা নামবে।
নিবন্ধন ফির ক্ষেত্রেও সুনির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং চার যাত্রীর ক্ষেত্রে ১০ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি যথাক্রমে চার হাজার ও পাঁচ হাজার টাকা। ফিটনেস সনদের জন্য দিতে হবে এক হাজার টাকা। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর এবং একটি ই-রিকশার সর্বোচ্চ আয়ুষ্কাল ১২ বছর। রাস্তায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। স্কুল, হাসপাতাল ও ব্যস্ত এলাকায় এ সীমা হবে ১৫ কিলোমিটার। নিবন্ধনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক এবং কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, দুই কপি ছবি, নির্ধারিত ফি জমার রসিদ এবং রিকশার ফিটনেস সনদ জমা দিতে হবে। যাঁরা ঢাকা উত্তরে ই-রিকশা চালাতে চান, তাঁদের এখন মন্ত্রণালয়ের অনুমোদনের পর ফরম বিতরণ শুরুর ঘোষণার অপেক্ষা করতে হবে। আর গাড়ি কিনতে হলে অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকেই কিনতে হবে, নইলে নিবন্ধন মিলবে না।
তথ্যসূত্র: প্রথম আলো

No comments:
Post a Comment