ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি তুলে ধরা এবং দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্য নিয়ে আজ রোববার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬'। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই এক্সপো অনুষ্ঠিত হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।
এবারের আয়োজনে দেশের ১২টি খাতের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২৪০টি স্টলে পণ্য প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ক্রেতা ও সোর্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। গতকাল শনিবার ইপিবির সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাসান আরিফ বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। বৈশ্বিক প্রতিকূলতা, সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতা ও জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জের মধ্যেও রপ্তানিতে এই প্রবৃদ্ধি আশাব্যঞ্জক বলে তিনি মন্তব্য করেন।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। দেশের মোট রপ্তানির প্রায় ৮১ শতাংশই আসে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে। ইপিবির প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের ঝুড়ি ও বাজার—দুই ক্ষেত্রেই বৈচিত্র্যের ঘাটতি রয়েছে। তৈরি পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারকেন্দ্রিক রপ্তানি প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য নতুন পণ্য ও নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে অন্যান্য রপ্তানি খাতকে সহায়তা দেওয়া প্রয়োজন বলে তিনি জানান।
গত বছর প্রথমবারের মতো আটটি খাত নিয়ে গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন করা হয়েছিল। বিভিন্ন খাতের উদ্যোক্তাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে এবার নতুন চারটি খাত যুক্ত করা হয়েছে। এগুলো হলো অটোমোবাইল ও বাইসাইকেল, পেপার ও প্যাকেজিং, সিরামিকস ও টেবিলওয়্যার এবং লাইট ইঞ্জিনিয়ারিং।
এবারের এক্সপোতে তৈরি পোশাক ও টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ফার্মাসিউটিক্যাল এবং আইসিটিসহ মোট ১২টি খাতের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতবারের ১২৫টি প্রতিষ্ঠানের তুলনায় এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১৬১টিতে দাঁড়িয়েছে। স্টলের সংখ্যাও ১৬৫ থেকে বেড়ে হয়েছে ২৪০টি।
এক্সপোতে চারটি বিশেষ সেমিনার, বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক বৈঠক (বিটুবি), কারখানা পরিদর্শন, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন থাকছে। সেমিনারগুলোতে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির সম্ভাবনা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), টেকসই প্যাকেজিং এবং কমপ্লায়েন্স ও প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে আলোচনা হবে।
মোহাম্মদ হাসান আরিফ বলেন, বিদেশি ক্রেতারা এক্সপোতে অংশ নেওয়ার আগেই অনলাইনে প্রদর্শকদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানাতে পারবেন। এসব অনুরোধের ভিত্তিতে আগাম বৈঠকের সময়সূচি তৈরি করা হচ্ছে। পাশাপাশি আগ্রহী বিদেশি প্রতিনিধিদলকে দেশের বিভিন্ন শিল্পকারখানা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে ক্রেতাদের সঙ্গে দেশীয় উৎপাদকদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে তিনি জানান।
এক্সপোতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অংশগ্রহণ বাড়াতে ভবিষ্যতে তাদের জন্য স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফের পরিকল্পনার কথাও জানিয়েছেন ইপিবির প্রধান নির্বাহী। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের এক্সপোতেও এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে সহযোগিতা করা হয়েছে। তাদের অনেকেই স্টল ভাড়া কমানোর অনুরোধ জানিয়েছেন। বিষয়টি ইপিবি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তিনি বলেন, ভবিষ্যতে এসএমই উদ্যোক্তাদের জন্য মেলায় স্টল ভাড়া দিতে হবে না—এমন সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ সুবিধা বড় প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে না।
হাসান আরিফ আরও বলেন, এসএমই ও নারী উদ্যোক্তাদের বিদেশি বাণিজ্য মেলায় অংশগ্রহণে সহায়তা দেওয়ার বিষয়েও ইপিবি কাজ করছে। গত জুনে চীনের একটি বাণিজ্য মেলায় বাংলাদেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নেয়, যার অধিকাংশই ছিল এসএমই প্রতিষ্ঠান। সেখানে নারী উদ্যোক্তারাও অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সংযোগ তৈরি এবং বিশ্ববাজারে প্রবেশের সুযোগ বাড়ানো প্রয়োজন।
ইপিবির প্রত্যাশা, এবারের এক্সপোর মাধ্যমে নতুন বাজার অনুসন্ধান, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব এবং দীর্ঘমেয়াদি রপ্তানি চুক্তির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে গ্লোবাল সোর্সিং এক্সপোকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিয়মিত ক্যালেন্ডারে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে আগামী বছরের আয়োজনের তারিখ এবারের সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ইপিবির প্রধান নির্বাহী।
তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইত্তেফাক, বাংলা টেলিগ্রাফ, অর্থসূচক

No comments:
Post a Comment