ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে এসব ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই দেশে হুমকি দিয়ে, আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।' তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একসময় টুঙ্গিপাড়াকেন্দ্রিক একটি শক্তিতে পরিণত হবে। বর্তমান সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ করবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতা-কর্মী মিছিল নিয়ে গিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা চালান। তাঁরা প্রথমে থানা ঘেরাও করেন, পরে থানায় হামলা চালিয়ে থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন। এরপর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
এ খবর প্রকাশের পর জাতীয় সংসদে প্রসঙ্গটি তুলে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি। তিনি আরও বলেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে। এ বিষয়ে আর বসে থাকার সময় নেই বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপার থেকে সাবেক এমপি-মন্ত্রীরা গত কয়েক দিনে বার্তা দিচ্ছেন। এটা তাদের চরিত্র। তাদের স্বভাব আগুন দিয়ে মানুষ পোড়ানো। এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের চরিত্র আবার নতুন করে উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তারা চাইছে সরকার যেন আওয়ামী কায়দায় রাজপথে গুলি করে। কিন্তু সরকারের নীতি হলো একজন নিরীহ মানুষকে বাঁচাতে প্রয়োজনে ১০ জনের অপরাধের বিষয়ে কিছুদিন ধৈর্য ধারণ করা হবে।
বর্তমান সরকার গণতান্ত্রিক প্রকৃতির সরকার উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এই দেশে আর কোনো রকম রাজপথে আন্দোলনকারীদের হত্যার ঘটনা দেখতে চায় না। তবে যদি কেউ থানা, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয়, সে ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করবে বলেও জানান তিনি।
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাঁরা থানায় আক্রমণের আহ্বান জানিয়েছেন, তাঁদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সরকারের হাতে রয়েছে এবং প্রতিটি প্রমাণ দেখে তাঁদের আইনের হেফাজতে আনা হবে। তিনি বলেন, 'মসজিদের মাইকে ঘোষণা দিয়ে, থানা আক্রমণ করার জন্য যারা আহ্বান জানিয়েছে, তারা যদি মনে করে তাদের রেকর্ড, ভিডিও ফুটেজ, অডিও আমাদের কাছে নেই, তারা ভুল করবে।' তিনি আরও বলেন, 'আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি। সাধারণ মানুষ বুঝুক। দেশের মানুষ বুঝুক, আওয়ামী লীগ কী চায়।'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি, পতিত মাফিয়া শক্তি কোনো দিনই আর গণতান্ত্রিকভাবে এ দেশে রাজনীতি করতে পারবে না। তারা সেই বৈধতা হারিয়েছে। তিনি অভিযোগ করেন, তারা এই দেশে গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চান না উল্লেখ করে তিনি বলেন, 'শুধু আশ্বস্ত করতে চাই, এই দেশে তথাকথিত ফ্যাসিবাদী শক্তি যারা পালিয়ে তাদের নিজের আশ্রয়ে আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।'
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঝেমধ্যে ডিসেম্বরে আসব বলে আওয়াজ দেওয়া হচ্ছে। 'আসিব আসিব বলিয়া বাংলাদেশে তার নেতা-কর্মী যেগুলো আছে, এখনো বনজঙ্গলে পালিয়ে আছে, তাদের যে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এটা তারা যেন বোঝে।' তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী সীমান্তের ওপার থেকে উসকানি দিচ্ছে। সে ফাঁদে পা না দেওয়ার জন্য গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
টুঙ্গিপাড়ার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে ওই এলাকায় ২০০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
একই আলোচনায় শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও গায়ে হাত দেয়নি। তিনি বলেন, সরকার প্রতিদিন কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। মালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে এবং শ্রমিকেরা কাজে ফিরে যাওয়ার কথা বলেছেন বলে দাবি করেন তিনি। শ্রমিকদের ওপর গুলি চালানো হয়নি, কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি।
তথ্যসূত্র: প্রথম আলো, দ্য ডেইলি ইত্তেফাক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ

No comments:
Post a Comment