ছবি: সংগৃহীত
ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের জন্য নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, ব্যবসা, চিকিৎসা, সম্মেলনসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসাসংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। নির্ধারিত ফরম জমা না দিলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী সব ভিসা আবেদনকারীকে নির্ধারিত ফরম্যাটে পূরণ করা ভিসা অঙ্গীকারনামা জমা দিতে হবে। হাইকমিশনের দেওয়া লিংক থেকে নির্ধারিত ফরম্যাটের ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ ডাউনলোড করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে স্বাক্ষর করতে হবে। পূরণ করা ফর্মটি স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণ করা হবে। নিজস্বভাবে তৈরি করা বা অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে তা গ্রহণ করা হবে না। ফলে আবেদনকারীদের অবশ্যই হাইকমিশনের দেওয়া লিংক থেকে নির্ধারিত ফরমটিই ব্যবহার করতে হবে। ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রকাশিত এক পাতার ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ অনুযায়ী আবেদনকারীকে প্রথমে নিজের নাম লিখে অঙ্গীকার করতে হবে যে তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করেছেন, শুধুমাত্র সেই উদ্দেশ্যেই ভারত সফর করবেন। একই সঙ্গে ঘোষণা দিতে হবে, আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন এবং তাঁর দেওয়া সব তথ্য সঠিক।
এরপর ১ নম্বর অংশে পার্সোনাল ডিটেইলসের ঘরে পাঁচটি তথ্য বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। এগুলো হলো—পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা। পাসপোর্টের সঙ্গে হুবহু মিল রেখে এসব তথ্য পূরণ করতে হবে, যাতে কোনো ধরনের অমিল না থাকে।
২ নম্বর অংশে ভারত যাওয়ার উদ্দেশ্য স্পষ্ট করে লিখতে হবে। পর্যটন, ব্যবসা, চিকিৎসা, সম্মেলনসহ যে উদ্দেশ্যেই ভ্রমণ করা হোক না কেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনকারী যে উদ্দেশ্য উল্লেখ করবেন, সফরকালে সেই উদ্দেশ্যের বাইরে অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না বলে ফর্মে অঙ্গীকার করতে হবে।
৩ থেকে ৫ নম্বর অংশে মূলত তিনটি অঙ্গীকারনামা রয়েছে। আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে যে সফর শেষ হওয়া মাত্রই তিনি নিজ দেশে ফিরে আসবেন এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না। ভারতে অবস্থানকালে ভারতের সব আইন, বিধি-বিধান ও সংস্কৃতি মেনে চলবেন এবং আইনবিরোধী কোনো কাজে জড়াবেন না।
ফর্মে আরও উল্লেখ রয়েছে, কোনো আইন লঙ্ঘন করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ অঙ্গীকারনামায় দেওয়া শর্ত ভঙ্গ করলে শুধু চলমান ভিসাই নয়, পরবর্তী সময়ে ভিসা পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ফর্মে স্বাক্ষর করার আগে প্রতিটি শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
সবশেষে আবেদনকারীকে স্বাক্ষর এবং স্থান ও তারিখ দিয়ে ফর্মটি সম্পন্ন করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে বাবা-মা উভয়কেই স্বাক্ষর করতে হবে বলে ফর্মে নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ শিশুদের ভিসা আবেদনের ক্ষেত্রে অঙ্গীকারনামায় অভিভাবক হিসেবে বাবা ও মায়ের স্বাক্ষর বাধ্যতামূলক।
বাংলাদেশ থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা, পর্যটন, ব্যবসা ও শিক্ষাসহ নানা প্রয়োজনে ভারত ভ্রমণ করেন। নতুন এই নিয়ম চালু হওয়ায় ভিসা আবেদনকারীদের এখন থেকে আবেদন জমা দেওয়ার আগেই অঙ্গীকারনামা প্রস্তুত রাখতে হবে। হাইকমিশন ভারতীয় ভিসা প্রত্যাশীদের নির্ধারিত লিংক থেকে ফর্ম ডাউনলোড করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।
আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফর্মটি অবশ্যই নির্ধারিত ফরম্যাটেই হতে হবে এবং স্ক্যান কপি স্পষ্ট হতে হবে। অস্পষ্ট বা অসম্পূর্ণ ফর্ম জমা দিলে আবেদন গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই অনলাইনে আবেদন জমা দেওয়ার আগে ফর্মটি ঠিকভাবে পূরণ হয়েছে কি না এবং সব তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।
ভিসা আবেদন প্রক্রিয়ায় এই নতুন শর্ত যুক্ত হওয়ায় আবেদনকারীদের আরও সতর্ক হতে হবে। নির্ধারিত ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ, স্বাক্ষর ও স্ক্যান করে অনলাইন আবেদনের সঙ্গে যুক্ত করলেই আবেদনটি গ্রহণযোগ্য হবে। হাইকমিশনের পোর্টালে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সব ক্যাটাগরির ভিসা আবেদনেই এই অঙ্গীকারনামা প্রযোজ্য হবে।
তথ্যসূত্র: এনটিভি, চ্যানেল আই

No comments:
Post a Comment