ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে এনেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
জামায়াত আমির অভিযোগ করেন, গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি পুনরায় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করছে। তিনি বলেন, ‘বিএনপি সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে এনেছে। বর্তমান সংসদকে অকার্যকর করে একদলীয় শাসন কায়েম করছে দলটি।’ তাঁর ভাষায়, ফ্যাসিবাদের পথে যেতে যা যা করা প্রয়োজন, তার সবই করছে বিএনপি এবং দলটি এখন বাকশালী পথেই হাঁটছে। বিরোধী দল সংসদ কার্যকর করতে চাইলেও সরকারের কর্মকাণ্ডে এ বিষয়ে সদিচ্ছার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
ফ্যাসিবাদকে ভাইরাসের সঙ্গে তুলনা করে শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি মানসিকতা; যে কেউ ক্ষমতায় গিয়ে এই মানসিকতায় আক্রান্ত হতে পারে। তিনি বলেন, সংস্কার ছাড়া বাংলাদেশের মুক্তি নেই। তাঁর অভিযোগ, বারবার জনতার বিপ্লবের সুফলভোগী বিএনপি সংস্কারকে অবজ্ঞা করে কর্তৃত্ববাদী ব্যবস্থা ফিরিয়ে আনছে। ক্ষমতায় যাওয়ার পর অল্প সময়ের মধ্যে সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেগুলোর প্রতিবাদ না করলে বিরোধী দল হিসেবে অর্পিত দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
দলীয়করণের অভিযোগ তুলে ধরে জামায়াত আমির বলেন, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ সব জায়গায় সরকার দলীয় লোক বসিয়েছে এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনকেও বাদ রাখা হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন, দুদকের চেয়ারম্যানকে সরিয়ে যাঁকে বসানো হয়েছে, তাঁর আমলনামা এর মধ্যেই জাতি জানতে পেরেছে; এমন মানুষ দিয়ে দুর্নীতি দমন করা অসম্ভব। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও দুজন সদস্যকে চায়ের দাওয়াত দিয়ে বিদায় দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, দলীয় পরিচয়ে নিয়োগ দেওয়ার জন্যই এই আয়োজন করা হয়েছে।
জামায়াত আমির আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের সব কটি সংসদের প্রথম অধিবেশনে তোলা হয়নি। যেসব অধ্যাদেশ আইনে পরিণত হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ বন্ধ হতো, সেগুলোর মধ্য থেকে ২০টি সরকার বাদ দিয়েছে বলে তিনি দাবি করেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কেয়ারটেকার মানেন নাই? ...মানতে হবে। সংস্কার মানেন নাই? ...মানতে হবে।’ তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি, কিন্তু এখন তারা গণভোটের রায় মানছে না। তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বলেই সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে যেমন বিএনপি বাধ্য হয়েছে, তেমনি গণভোটের রায় মানতেও বাধ্য হবে।’
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য।’ ৭ নভেম্বরের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, ৩ থেকে ৬ নভেম্বর জিয়াউর রহমান বন্দী ছিলেন, এ ক্ষেত্রে তাঁর কোনো অবদান নেই; তাঁকে সিপাহিরাই ৭ নভেম্বর মুক্ত করে এনেছিলেন। বিপ্লব করেছিল সিপাহিরা, সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ। ইতিহাসে যাঁর যা অবদান রয়েছে, তাঁকে সেই স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া জেনারেল এম এ জি ওসমানীর নাম এখন আর কেউ মুখে নেয় না বলে আক্ষেপ করেন। ৭ নভেম্বরের শিক্ষা হচ্ছে দেশ পরিচালনায় জনগণের ভাষা বুঝতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর প্রসঙ্গে তিনি বলেন, আধিপত্যবাদের বিরোধিতার কথা বললে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে সরকার কী করেছে, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। জাপানে গিয়ে মাতারবাড়ী প্রকল্প নিয়ে কী করা হয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অদৃশ্য কোনো চুক্তি দেশের মানুষ মানবে না।
সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একদলীয় শাসন কায়েমের পথ থেকে বিএনপি সরে না এলে সরকারের অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে। বর্তমান সরকার বাকশালী কায়দায় সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে।’ তিনি বিএনপির উদ্দেশে বলেন, ৭ নভেম্বরের শিক্ষা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। সভায় আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
জামায়াত নেতাদের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, সময় নিউজ, আরটিভি, সমকাল, প্রথম আলো

No comments:
Post a Comment