ছবি: প্রতীকী
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো নাশকতা রাজনৈতিকভাবে প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ঐক্যের ডাক পেলে রাজপথে নামবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিরোধীদলের সংসদীয় দলের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, সরকার আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান না জানালে জামায়াত মাঠে নামবে না। তবে পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় নামার প্রস্তুতি থাকবে।
সংসদের বৈঠকের আগে বিরোধীদলের সভাকক্ষে এই সভা হয়। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ অন্য সংসদ সদস্যরা। সভা সূত্র জানিয়েছে, সভায় আলোচনা হয়, বিরোধী দলের নেতাকর্মীরা মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন। কিন্তু সরকার যতক্ষণ আনুষ্ঠানিকভাবে ঐক্যের ডাক না দেবে, ততক্ষণ নামবেন না। পরিস্থিতির অবনতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে নামার প্রস্তুতি নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একটি টেলিফোন আলাপ নিয়েও আলোচনা হয়। সভা সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী ফোন করেছিলেন ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেনকে। মিরপুর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মাঠে নামাতে বলেছিলেন তিনি। পরে মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি তোলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রী জামায়াতের একজন সংসদ সদস্যকে ফোন করে জানতে চেয়েছেন, বিরোধী দল কেন রাজপথে নামছে না। ওই প্রতিমন্ত্রীর পাশে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতাও ছিলেন বলে উল্লেখ করেন তিনি। একজন অনির্বাচিত প্রতিমন্ত্রী কীভাবে একজন নির্বাচিত সংসদ সদস্যকে শাসান, সেই প্রশ্নও তোলেন জামায়াত আমির।
সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, 'সরকার যদি একাই সব পারে ভালো। সরকার যদি ব্যর্থ হয়, বিরোধী দল দায়িত্ব পালনে ব্যর্থ হবে না।' জামায়াতের একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, বোমাবাজি ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শিগগির রাজনৈতিক কর্মসূচি দিতে পারে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকারের পক্ষ থেকে এখনো ঐক্যের কোনো আহ্বান জানানো হয়নি। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দায়িত্ব সরকারের বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত সূত্র জানিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েই এবার রাজপথে নেই। তাদের মনে হচ্ছে, সরকার বিরোধী দলকে নানাভাবে হয়রানি করছে। বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার ব্যবহার করা হচ্ছে। খোদ প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ করেছেন। মঙ্গলবারের সভাতেও এই প্রসঙ্গগুলো ওঠে বলে জানিয়েছে সভা সূত্র। অন্তর্বর্তী সরকারের সময়ে জামায়াতের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির দিনে রাজপথে সক্রিয় ছিলেন। তবে বিএনপি সরকারের সময়ে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তারা মাঠে নেই। এ নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা জামায়াতের সমালোচনা করছেন।
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ঠেকাতে গত দুই দিন ধরে রাজপথে রয়েছে বিএনপি। দলটির নেতাকর্মীরা নানান জায়গায় নাশকতার চেষ্টা ঠেকিয়েছেন। ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার সময় অনেককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন। রাজধানীর মোড়ে মোড়ে দল বেঁধে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে শাসক দলের নেতাকর্মীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের পাশাপাশি প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন।
ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের জন্য জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কার্যক্রম নিষিদ্ধ এই দলটি সরকারের ব্যর্থতায় এসব নাশকতা চালাচ্ছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা নাশকতা দমনে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকারকে কঠোর হাতে নাশকতা দমন করতে হবে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ওই সময় রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। নাশকতার ঘটনায় ওই দিন শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবারও রাজধানীতে অন্তত তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মগবাজার ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মঙ্গলবারের সভায় প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ি চুক্তি নিয়েও আলোচনা হয়। শফিকুর রহমান বলেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে। একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 'ঢাকা লকডাউন' কর্মসূচি ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে ঐক্যের আনুষ্ঠানিক ডাক আসে কি না, সেদিকে তাকিয়ে রয়েছে বিরোধী শিবির। ডাক এলে নাশকতা ঠেকাতে রাজপথে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে জামায়াত।

No comments:
Post a Comment