ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে আন্তর্জাতিক সীমানার শূন্যরেখায় টানা তিন দিন ধরে আটকে আছেন এক নারী। বিজিবির ভাষ্য, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় লোকজনের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পর থেকে দুই দেশের মাঝখানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটা পর্যন্তও তাঁকে একই জায়গায় অবস্থান করতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই নারীর উত্তর ও দক্ষিণ পাশে ভারত এবং পশ্চিমে বাংলাদেশ। দুই দেশের সীমান্তের মাঝখানে একটি খোলা মাঠে কিছু খড়ের ওপর বিছানো কম্বলে বসে আছেন তিনি। পাশে পড়ে আছে কয়েকটি প্লাস্টিকের পানির বোতল, সামনে রয়েছে বিস্কুটের একটি প্যাকেট। চারপাশে কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। তাঁকে বেশ আতঙ্কগ্রস্ত ও ক্লান্ত দেখাচ্ছিল। মাঝেমধ্যে উঠে আশপাশে এদিক-সেদিক যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না।
আটকে থাকা নারীর পরিচয় ও জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় লোকজনের ধারণা, ওই নারী মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তবে এ বিষয়ে চিকিৎসকের কোনো মতামত পাওয়া যায়নি। তাঁর পরিচয় নিশ্চিত না হওয়ায় কোনো পক্ষই তাঁকে গ্রহণ করছে না।
পাথরের চর এলাকার বাসিন্দা মো. বোরহান উদ্দিন বলেন, ‘আমরা সীমান্তের কাছাকাছি বসবাস করি। তিন দিন ধরে ওই নারী এসে এখানে আটকে রয়েছেন। তাঁর কথাবার্তার কোনো ঠিক-ঠিকানা নেই। তিনি কোন দেশের বা কোন এলাকার মানুষ, তা-ও আমরা জানি না। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কেউই তাঁকে গ্রহণ করছে না। এ অবস্থায় আমরা স্থানীয় বাসিন্দারা খুবই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি। তাঁর খাওয়াদাওয়ারও কোনো ব্যবস্থা নেই।’
একই এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ভাষ্য, গত মঙ্গলবার সকালে ভারতের বিএসএফ ওই নারীকে সীমান্তে নামিয়ে দেয়। বিষয়টি দেখে বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা বিজিবিকে জানান। বর্তমানে সীমান্তের এক পাশে বিএসএফ এবং অন্য পাশে বিজিবি মুখোমুখি অবস্থান করছে। টানা তিন দিন ধরে এই অচলাবস্থা চলছে। স্থানীয় গ্রামের নারীরা মানবিক কারণে তাঁকে কিছু পানি ও বিস্কুট দিয়েছেন। তবে আব্দুর রশিদের ভাষ্য, তা খেয়ে বেঁচে থাকা সম্ভব নয়।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ ওই নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির বাধার কারণে তা সম্ভব হয়নি। এর পর থেকে ওই নারী আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তিনি জানান, গত তিন দিন ধরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা বারবার বলছে, ওই নারী তাদের দেশের নন। তবে ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, যেখানে ওই নারীকে বিএসএফের সদস্যদের পুশ ইনের চেষ্টা করতে দেখা গেছে।
হাসানুর রহমান বলেন, ‘আমরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছি। ওপাশে বিএসএফও অবস্থান নিয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।’ জামালপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মুশফিকও জানিয়েছেন, মঙ্গলবার সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। এরপর থেকে ওই নারী শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছে, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে। দুই দেশের সীমান্তের মাঝখানের এই অংশটি নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখা হিসেবে পরিচিত। কোনো দেশের ভূখণ্ডের অন্তর্ভুক্ত নয় বলে এখানে আটকে পড়া মানুষের দায়িত্ব নিয়ে প্রায়ই জটিলতা তৈরি হয়। এবারের ঘটনায়ও তেমনটাই ঘটেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিজ নিজ সীমান্তে সতর্ক অবস্থান নেওয়ায় ওই নারী কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না।
তিন দিন ধরে চলা এই অচলাবস্থায় খাবার ও আশ্রয়হীন অবস্থায় দিন কাটছে তাঁর। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে তীব্র রোদে এভাবে অবস্থান করায় ওই নারীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় কয়েকজন মানবিক কারণে পানি ও বিস্কুট দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাঁর পরিচয় নিশ্চিত করা না গেলে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কোনো সিদ্ধান্তে না পৌঁছালে এই অচলাবস্থা আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এমন পরিস্থিতিতে দ্রুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, পতাকা বৈঠকে বসে আলোচনার মাধ্যমে ওই নারীর পরিচয় যাচাই ও তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো বৈঠক বা সমাধানের খবর পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এই নারীর কী হবে, তার কোনো সুরাহা এখনো হয়নি। খোলা মাঠে কম্বলের ওপর বসে থাকা ক্লান্ত-বিধ্বস্ত ওই নারীর অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

No comments:
Post a Comment