![]() |
| ছবি: সংগৃহীত |
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন। পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ বলে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
চলমান সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না—এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। পেট্রলবোমা নিক্ষেপ করে কিংবা অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ বলে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। দলটি এখন বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কোথাও পেট্রলবোমা নিক্ষেপ, কোথাও অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়াই যেন তাদের কর্মকাণ্ডের ধরন হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ আতঙ্কিত হবে না বলে মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, পেট্রলবোমা হামলা করে কিংবা অন্য কোনো উপায়ে বিদেশে অবস্থানরত দলটির পলাতক সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ নেই। দিল্লি থেকে বাণিজ্যিক ফ্লাইটের সাধারণ যাত্রী হিসেবেও কোনো পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা যাবে না। ভারতে পালিয়ে থাকা ব্যক্তিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায়।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, তাদের কর্মকাণ্ডের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না। একপর্যায়ে তাদের আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের আশ্রয় পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।
সন্ত্রাসীদের উদ্দেশে হুমায়ুন কবির বলেন, একটা ছোট সন্ত্রাসী গোষ্ঠী এটা মেনে নিতে পারছে না, দেশে কিছু তাণ্ডব চালাবে এবং তারা হাওয়ায় মিশে যাবে। সন্ত্রাসীদের কোনো টেকসই অবস্থান কোনোখানে, কোনো দেশে হয় না এবং হবেও না। বাংলাদেশে তো হবেই না। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশে আতঙ্ক ছড়াতে পারবে না। বরং তারাই এখন আতঙ্কে পালাচ্ছে।
ঠাট্টার সুরে প্রতিমন্ত্রী বলেন, একটা পেট্রলবোমা মারল, ‘জয় বাংলা’ বলেই দৌড়। জয় বাংলা বলেই দৌড়। দেশের মানুষও এই স্লোগানকে ঘৃণা করে বলে মন্তব্য করেন তিনি। ‘জয় বাংলা’ এখন বিদায় নেওয়ার স্লোগান বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। যারা পালিয়ে গেছে, তাদের স্লোগান এখন জয় বাংলা। তারা পালিয়ে গিয়ে কোথায় নেতৃত্বের কাছে যাবে, সেটাই দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
নিজের বাড়িতে হামলার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার গভীর রাতে সিলেট নগরীতে তার বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রলবোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে, কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে। নিজের সিলেটের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন হুমায়ুন কবির।
মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের পর পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুমায়ুন কবির। এ সময় নিজের বাড়িতে হামলার প্রসঙ্গ ছাড়াও দেশের সামগ্রিক পরিস্থিতি, সরকারের অবস্থান এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন তিনি।
সরকারের সাফল্যের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আট মাসের মধ্যে সরকার বেশ কিছু সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারী দেশ ও অংশীদারদের আগ্রহ তৈরি হচ্ছে। কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। কিন্তু একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী দেশের এই অগ্রযাত্রা মেনে নিতে পারছে না।
সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, সরকার এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে। বাংলাদেশ এখন জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, যা নিয়ে দেশের সব মানুষ গর্ব করতে পারবে।
তথ্যসূত্র: প্রথম আলো, টিবিএস, বিডিনিউজ টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউন

No comments:
Post a Comment