...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

কুষ্টিয়ায় দুই সপ্তাহে কেজিতে ২-৪ টাকা বাড়ল চালের দাম, আমন উঠলেও স্বস্তির আশা ক্ষীণ

কুষ্টিয়ায় দুই সপ্তাহে কেজিতে ২-৪ টাকা বাড়ল চালের দাম, আমন উঠলেও স্বস্তির আশা ক্ষীণ

 

কুষ্টিয়ার চালের মোকামে বস্তাভর্তি চাল ট্রাকে তোলা হচ্ছে

ছবি: সংগৃহীত

অস্থির হয়ে উঠেছে কুষ্টিয়ার চালের বাজার। গত দুই সপ্তাহের ব্যবধানে জেলার বাজারে সব ধরনের চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন, চাল আমদানি বন্ধ থাকা, বোরো ধানের মৌসুম প্রায় শেষ হয়ে আসা এবং বাজারে ধানের চড়া দামের কারণে চালের দাম বাড়ছে। এর সঙ্গে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন ও পরিবহন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে চালের বাজারে।

সরেজমিনে কুষ্টিয়ার পৌর বাজার ও বড় বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে বাজারের বেশিরভাগ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। মোটা আঠাশ চাল আগে প্রকারভেদে ৪৬ থেকে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা কেজি দরে। কাজললতা সাধারণ চাল ৬৪ টাকা থেকে বেড়ে ৬৬ টাকা এবং কাজললতা সুপার ৬৬ টাকা থেকে বেড়ে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইজাম চাল আগের ৪৮ টাকার জায়গায় এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

অন্যান্য চালও কেজিপ্রতি অন্তত ২ থেকে ৩ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে বর্তমানে নাজিরশাইল চাল ৯৪ টাকা, সুপার মিনিকেট ৭২ টাকা, সাধারণ মিনিকেট ৬৬ টাকা এবং পোলাও চাল ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত বছর এই সময়ে ভারত থেকে চাল আমদানি করা হয়েছিল, কিন্তু এ বছর আমদানি বন্ধ রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

বাজারে ধানের দামও চড়া। কুষ্টিয়ার বাজারে বর্তমানে মোটা হীরা ধান ৮৭০ টাকা মণ, স্বর্ণা (মামুন) ধান ১ হাজার ১০০ টাকা, বিনা-সেভেন ধান ১ হাজার ২৫০ টাকা, ধানি গোল্ড ১ হাজার ২০০ টাকা, জিরা মিনিকেট ধান ১ হাজার ৭৫০ টাকা, রড মিনিকেট ধান ১ হাজার ৫০০ টাকা, আঠাশ ধান ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা এবং কাজললতা ও বাসমতি ধান ১ হাজার ৪৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম হিসেবে পরিচিত কুষ্টিয়ার খাজানগর-কবুরহাট চালের মোকাম মিনিকেট চালের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। ওই মোকামে মিল গেটে ২৫ কেজির জিরা মিনিকেট চাল ১ হাজার ৬৭৫ থেকে ১ হাজার ৭০০ টাকা, রড মিনিকেট চাল ১ হাজার ৫০০ টাকা এবং আঠাশ চাল ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ায় গাড়ি ভাড়া বেড়েছে, বিদ্যুৎ খরচও বেশি। এসব কারণে মিল মালিকরা চালের দাম বাড়াচ্ছেন। খুচরা ব্যবসায়ীদের দাবি, আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহে চাপ তৈরি হয়েছে, আর বোরো মৌসুম প্রায় শেষ হয়ে আসায় নতুন ধানের সরবরাহও কমেছে।

আমন মৌসুম শুরু হলে বাজারে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানান, বাজারে আমন ধান উঠলেও চালের বাজারে দামের কোনো প্রভাব পড়বে না। তাঁর মতে, দাম কমা বা বাড়ার কোনো সম্ভাবনা নেই, বাজার স্থিতিশীল থাকবে।

কুষ্টিয়াসহ সারা দেশেই এ বছর আমনের ফলন ভালো হয়েছে বলে দাবি করেন জয়নাল আবেদীন। তাঁর মতে, সরকার কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করলে একজন কৃষক বাজারের চেয়ে কেজিতে অন্তত চার টাকা বেশি পাবেন, ফলে চলতি মৌসুমে সংগ্রহ অভিযান বিগত বছরের মতো শতভাগ সফল হবে।

এ অবস্থায় সরকার আগামী ১৪ নভেম্বর থেকে সারা দেশে আমন ধান সংগ্রহ এবং ১ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এ বছর ধান সংগ্রহের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা কেজি, যা আগের বছরের চেয়ে এক টাকা বেশি। আগের বছর ধানের দাম ছিল ৩৪ টাকা কেজি। অন্যদিকে আগের বছর চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছিল ৫০ টাকা কেজি, এ বছর তা এক টাকা কমিয়ে ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান জানান, গত বছর জেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯৬৯ মেট্রিক টন এবং চালের ৩০ হাজার ৮১৯ মেট্রিক টন। চলতি বছরের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করা হয়নি। গত বছর সংগ্রহ অভিযান শতভাগ সফল হয়েছিল বলে জানান তিনি।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়া জানান, গত বছর কুষ্টিয়া জেলায় আমন ধান উৎপাদন হয়েছিল ৪ লাখ ৮৫ হাজার ৫০৩ মেট্রিক টন। চলতি বছরও আমন ধান উৎপাদনের একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর জেলায় বোরো ধান উৎপাদন হয়েছিল ২ লাখ ৩৭ হাজার ৯১০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরও আমনের ভালো ফলন হয়েছে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার আশা রয়েছে বলে জানান তিনি।

ক্রেতাদের আশা, দুই সপ্তাহের মধ্যে বাজারে আমন ধান উঠতে শুরু করলে হয়তো চালের দাম কমবে। তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যে তথ্য মিলেছে, তাতে আমন মৌসুম শুরু হলেও স্বস্তি মেলার আশা একেবারেই ক্ষীণ; দাম না কমলেও বর্তমান দাম অপরিবর্তিত থাকতে পারে।

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)