...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

রান্নার গ্যাস ৩০০-৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে

রান্নার গ্যাস ৩০০-৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে

 

এলপিজি সিলিন্ডার

ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত দামে রান্নার গ্যাস পাচ্ছেন না ভোক্তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ২ নভেম্বর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ২ হাজার ৬০ টাকা। অথচ ঢাকার বাজারে সেই সিলিন্ডার কিনতে হচ্ছে ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪৪০ টাকা বেশি গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। ঢাকার বাইরেও বিভিন্ন বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে রান্নার গ্যাস।

গতকাল শনিবার ঢাকার বিভিন্ন এলাকার ১৫টি এলপিজি দোকান ঘুরে দেখা গেছে, ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। ৪৫ কেজির সিলিন্ডারেও বাড়তি নেওয়া হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। অনেক বিক্রেতা পরিচিত ক্রেতা ছাড়া অন্যদের কাছে গ্যাস বিক্রি করতে চাইছেন না।

ঢাকার বাইরেও চিত্র একই। গতকাল পাঁচটি উপজেলার বাজার ঘুরে দেখা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে ৪০ থেকে ২৪০ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৪০০ টাকা, রাজশাহীর বাগমারায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা এবং পটুয়াখালীর বাউফলে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে সিলিন্ডার। সখীপুরের এক ডিলার জানান, কোম্পানি চাহিদা মতো গ্যাস দিতে পারছে না।

উল্লেখ্য, এলপিজির দাম নির্ধারণের সময় আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা—সবার কমিশন বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণের সময় ১২ কেজির সিলিন্ডার আমদানিকারকদের মজুত ও বোতলজাত করার খরচ বাবদ কমিশন প্রায় ৮২ টাকা বাড়ানো হয়েছে। পরিবেশকের কমিশন ৫০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের দাবি, এই কমিশনে তাঁদের খরচ উঠছে না।

বাড়তি দামের বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, বাড়তি দামে বিক্রির অভিযোগ আছে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। শিল্পে এলপিজির ব্যবহার কতটা বেড়েছে, তা যাচাই করা হচ্ছে। কমিশনের দুজন সদস্য মাঠপর্যায়ে যাচ্ছেন। যারা আমদানি না করে অন্যদের থেকে কিনছে, তারাই মূলত বাজারে বেশি দামে বিক্রি করছে। এটা নিয়েও কাজ করছে বিইআরসি।

বাজারে সরকারি দরের চেয়ে বাড়তি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও জানে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাড়তি দামের তথ্য আমাদের কাছে আসছে। অনেক সময় একটু গোপনে রেখে বিক্রি করে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে। গত বৃহস্পতিবারও অভিযান চালানো হয়েছে, আগামীকালও এটা চলবে।

বাড়তি দামের বিষয়ে শীর্ষ আমদানিকারকদের দুটি প্রতিষ্ঠান বলছে, তারা এলপিজির সরবরাহ বাড়িয়েছে; বাড়তি দাম নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে পরিবেশকদের অভিযোগ, সরবরাহে ঘাটতি আছে এবং কোনো কোনো কোম্পানিও বাড়তি দাম নিচ্ছে। মেঘনা ফ্রেশ এলপিজি কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা আবু সাঈদ রাজা প্রথম আলোকে বলেন, মেঘনার চারটি প্ল্যান্ট থেকে সর্বোচ্চ সক্ষমতায় এলপিজি সরবরাহ করা হচ্ছে। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক থাকা উচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো উচিত বাজারে।

এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব) ও বিইআরসি সূত্র বলছে, গত আগস্টে এলপিজি আমদানি হয়েছে ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। সেপ্টেম্বরে ১ লাখ ৫৬ হাজার টন এবং অক্টোবরে আমদানি হয়েছে ১ লাখ ৪২ হাজার টনের কম।

আমদানিকারকদের কেউ কেউ বলছেন, বিশ্ববাজারে এলপিজির ঘাটতি আছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বন্ধ বললেই চলে। এখন দেশে অধিকাংশ এলপিজি আমদানি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, বাড়তি দামে কিনতে হচ্ছে।

লোয়াবের সাবেক সভাপতি আজম জে চৌধুরী প্রথম আলোকে বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দামের চেয়ে এলপিজির সরবরাহ নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাড়তি দামে আমদানি করেও বিইআরসির নির্ধারিত দামে সরবরাহ করা হচ্ছে। এলপিজির দাম বাড়লে ভোক্তা কমবে, যা অপারেটররা চান না। তবে যত্রতত্র দোকানে যে যার মতো এলপিজি বিক্রি করছে। এটা ঠেকাতে নজরদারি নিশ্চিত করা দরকার।

দেশে এক কোটির বেশি গ্রাহক এলপিজি ব্যবহার করে। এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে। বছরে এলপিজির চাহিদা এখন ১৮ লাখ টনের বেশি। এ খাতের প্রায় ৯৯ শতাংশ বেসরকারি খাতের দখলে।

আশপাশের দেশগুলোর মধ্যে এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। ভারতের কলকাতার চেয়ে দেশে এলপিজির দাম দ্বিগুণের বেশি। পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাতেও এলপিজির দাম বাংলাদেশের চেয়ে কম।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, তাড়াহুড়া করে বাড়তি দাম নির্ধারণ করে দিয়ে বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছে বিইআরসি। এরপর আবার বাড়তি দামে বিক্রি করে ভোক্তার কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

গত মার্চে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। অক্টোবরে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়। নভেম্বরে আরও ২২৩ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ আট মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি নির্ধারিত দামই বেড়েছে ৭১৯ টাকা। আর বাজারে ক্রেতাদের গুনতে হচ্ছে তার চেয়েও ৩০০ থেকে ৪৪০ টাকা বেশি।

তথ্যসূত্র: প্রথম আলো, দ্য ডেইলি ক্যাম্পাস, এনবি২৪

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)