ছবি: প্রতীকী
বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার সীমা বাড়িয়েছে সরকার। এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার জন্য বছরে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভাতা পাবেন তারা। গত ১৯ নভেম্বর অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ সুবিধা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে; আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপের ১৫টি মিশনে এ-লেভেলে এক সন্তানের জন্য ২৫ হাজার ও দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যথাক্রমে ২৫ হাজার ও ৩৮ হাজার ডলার দেওয়া হবে। দ্বিতীয় গ্রুপের ৪১টি মিশনে ২১ হাজার ও ৩২ হাজার, তৃতীয় গ্রুপের ১৯টি মিশনে ২১ হাজার ও ২৮ হাজার এবং চতুর্থ গ্রুপের নয়টি মিশনে এ-লেভেলে ২০ হাজার ৫০০ ও ২৫ হাজার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২১ হাজার ও ২৫ হাজার ডলার দেওয়া হবে।
শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ নিজে বহন করতে হবে। ভাতার অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠাতে হবে।

No comments:
Post a Comment