ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় এই দোয়া অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষসহ প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়ার আগে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বগুড়ার কৃতীসন্তান নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার ৬২তম জন্মদিনে আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করেছি। তিনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব। দোয়া ও মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়।
জন্মদিন উপলক্ষে এর আগে মোকামতলা ও শিবগঞ্জে ৫ হাজার শিক্ষার্থীর মাঝে নিমগাছের চারা ও মগ প্রদান করেন প্রতিমন্ত্রী। এছাড়াও ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ দুই উপজেলার সকল শিক্ষার্থীকে উপহার দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জন্মদিনের আনন্দকে সমাজের কাজে যুক্ত করেছে বলে মনে করছেন আয়োজকরা।
শুক্রবার সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই দিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সফরে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি একটি বড় অবকাঠামো প্রকল্পের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।
এদিকে রাজধানীতেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে অবস্থিত একটি দাখিল মাদরাসা ও এতিমখানায় এ দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশ নেন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার নিজের ফেসবুক পেজে তারেক রহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ছবির ক্যাপশনে ইশরাক লেখেন, ‘শুভ জন্মদিন বড় ভাই দেশনায়ক তারেক রহমান।’
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। আজ তার ৬২তম জন্মদিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম জন্মদিন। জন্মদিন উপলক্ষে দলীয় বা রাষ্ট্রীয় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কখনো জন্মদিন পালন করেন না বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তবে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা ব্যক্তিগত ও স্থানীয় উদ্যোগে সারা দেশে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের অনুসারীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। জন্মদিনের এই দিনটিতে দেশের বিভিন্ন স্থানে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের পাশাপাশি এতিমখানা ও মাদরাসায় খাবার বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি পালিত হচ্ছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ, ইত্তেফাক

No comments:
Post a Comment