ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এই তথ্য জানান।
সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা নিজ নিজ বাহিনীর সার্বিক কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা আমাদের রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে দিনের শুরুতে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু হয় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। সকালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, তিনি বিশ্বাস করেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার তাঁর ফেসবুক পেজে লেখেন, একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বাড়িয়েছে।
দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সংবর্ধনায় সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় দূতাবাসসমূহের কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটগুলোতে নোঙর করা অবস্থায় রাখা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়।

No comments:
Post a Comment