ছবি: প্রতীকী
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারণ হয়েছে। সব মিলিয়ে ১২টি প্রতিষ্ঠান ও ভর্তি কার্যক্রমের সময়সূচি এখন শিক্ষার্থীদের জানা। আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসব ভর্তি পরীক্ষা।
সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে ভর্তি আবেদন ১ জানুয়ারির পর এবং পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর নেওয়ার অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে সব বিশ্ববিদ্যালয় সেই অনুরোধ মানেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষা পিছিয়েছে, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ কয়েকটি প্রতিষ্ঠান আগের ঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর নতুন করে পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ পাবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং মোট ৭ দশমিক ৫০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে পৃথকভাবে ৩ এবং মোট ৬ দশমিক ৫০ প্রয়োজন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। আগামী ১ জানুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স), ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট (চারুকলা), ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন), ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান) পরীক্ষা হবে। সব পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে এমসিকিউ পদ্ধতিতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে, চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিনের স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য ১ হাজার ২০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এইচএসসি বা সমমানের সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ভর্তি আবেদন শুরু হবে ২১ নভেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে না। তবে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে যারা ফলের অপেক্ষায় রয়েছেন, তারা আবেদন করতে পারবেন। সম্পূরক পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকার কথা নয় বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক ড. মো. কামরুল হাসান।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর সকাল ১০টা থেকে, চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার ভর্তির যোগ্যতার ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে। সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত; ফি জমার শেষ সময় ১২ জানুয়ারি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে (আগে ১৭ ও ১৮ ডিসেম্বর হওয়ার কথা ছিল) আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা হবে ৫ ও ৬ ফেব্রুয়ারি, আর আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন অনুষ্ঠিত হবে।
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ভর্তি নীতিমালা দুয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীদের পরামর্শ, আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা ভালোভাবে দেখে নিতে হবে। কারণ, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সূচিতে এখনো পরিবর্তন আসতে পারে। এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে, আর সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ফলে এসব তারিখ মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে।

No comments:
Post a Comment