ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দা। জাহাজ চলাচল বন্ধ থাকায় তাঁদের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সার্ভিস ট্রলারে করে তাঁদের টেকনাফে ফিরিয়ে আনা শুরু হয়েছে। এতে আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
গত বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরদিন বৃহস্পতিবার থেকে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসনের নির্দেশে এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে ১০টি সার্ভিস ট্রলারে করে সাড়ে তিনশর বেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফের উদ্দেশে রওনা হন। জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের বিবেচনায় নিয়ে তাঁদের টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ট্রলারগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। তবে ট্রলারের সংকট থাকায় আরও অনেক পর্যটক দ্বীপের জেটিঘাটে অপেক্ষা করছিলেন। দ্বীপে থাকা বাকি পর্যটকদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজনে এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা দ্বীপে থাকতে চান, তাঁরা সেখানে অবস্থান করছেন। কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা জাহাজে করে কক্সবাজার ফিরতে পারবেন।
আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে পর্যটকদের জন্য কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। রাজশাহী থেকে পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে আসা পর্যটক খলিলুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের আনন্দ ভ্রমণ এখন দুর্ভোগে পরিণত হয়েছে। ভ্রমণের জন্য নির্ধারিত বাজেটও শেষ হয়ে গেছে। তাই যেকোনো উপায়ে দ্বীপ ছাড়তে চান তাঁরা। ট্রলারের সংকট থাকায় অনেক পর্যটককে জেটিঘাটে অপেক্ষা করতে হচ্ছে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকলে রোববার থেকে আবার জাহাজ চলাচল শুরু হতে পারে বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, এখনও ৩ নম্বর সংকেত বলবৎ আছে। তবে আজ সংকেত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে আবহাওয়া ভালো হতে শুরু করবে এবং সোমবার (২৩ নভেম্বর) থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। অর্থাৎ শীত ক্রমান্বয়ে বাড়বে।
চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ পথে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। গত ১৩ নভেম্বর চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। এ ছাড়া ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে পর্যটক আটকে পড়ার ঘটনায় দ্বীপে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নৌযান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি দ্বীপে অবস্থানরত পর্যটকদের জরুরি সহায়তা, খাবার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে ট্রলারে ফেরা শুরু হওয়ায় এবং আবহাওয়ার উন্নতির পূর্বাভাসে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: সময় নিউজ, বাংলা ট্রিবিউন, দৈনিক আজাদী, দৈনিক ইনকিলাব

No comments:
Post a Comment