...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা: যা করবেন, যা করবেন না

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা: যা করবেন, যা করবেন না

সৌদি প্রবাসীদের জন্য সরকারের জরুরি নির্দেশনা: যা করবেন, যা করবেন না

ছবি: সংগৃহীত

ঢাকা, ৩ নভেম্বর: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব নির্দেশনা জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস।

সৌদি আরবে যাওয়ার আগে ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করতে হবে। বিএমইটি ছাড়পত্র, প্রশিক্ষণ ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে। পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের হেফাজতে রাখতে হবে। দালালের মৌখিক আশ্বাসে টাকা দেওয়া যাবে না। ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে যাওয়া যাবে না।

ইকামা সঙ্গে রাখতে হবে এবং Absher অ্যাপে এর মেয়াদ নিয়মিত যাচাই করতে হবে। QIWA প্ল্যাটফর্মে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিট যাচাই করতে বলা হয়েছে। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে নবায়নের উদ্যোগ নিতে হবে। না বুঝে বা সাদা কাগজে সই বা টিপসই দেওয়া যাবে না। ওটিপি ও পাসওয়ার্ড কাউকে দেওয়া যাবে না। ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার; এ জন্য কাউকে আলাদা টাকা দেওয়া যাবে না।

নিয়োগচুক্তির কপি ও কাজের প্রমাণ সংরক্ষণ করতে বলা হয়েছে। বেতন ব্যাংকিং চ্যানেলে নিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট রেখে দিতে হবে। সমস্যা হলে মকতব আমল (১৯৯১১) বা বাংলাদেশ দূতাবাসকে জানাতে হবে। নিয়োগকর্তার সঙ্গে বিরোধ হলে কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া যাবে না।

চাকরি পরিবর্তন করতে হবে QIWA প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধভাবে। দেশে ফেরার আগে জরিমানা ও ট্রাভেল ব্যান আছে কি না, তা যাচাই করতে হবে। ৪০ হাজার রিয়াল বা তার বেশি নগদ অর্থ কিংবা সোনা সঙ্গে থাকলে কাস্টমসে ঘোষণা করতে হবে। ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ অতিক্রম করা যাবে না। অন্যের সোনা বা মোবাইল টাকার বিনিময়ে বহন করা যাবে না।

শালীন পোশাক ও ভদ্র আচরণ বজায় রাখতে বলা হয়েছে। প্রকাশ্যে ঝগড়া, গালাগালি, মারামারি এবং জাতি, দেশ বা গায়ের রং নিয়ে কটূক্তি করা যাবে না। অপরিচিত শিশুকে স্পর্শ করা, কোলে নেওয়া বা খাবার দেওয়া যাবে না। নারীদের হয়রানি বা অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না। হারানো শিশু পেলে পুলিশকে জানাতে হবে।

নামাজের সময় নামাজ আদায়, রমজানে দিনে প্রকাশ্যে খাওয়া ও ধূমপান থেকে বিরত থাকা এবং মসজিদে মোবাইল নীরব রাখতে বলা হয়েছে। ধর্ম, রাজপরিবার বা সরকার নিয়ে মন্তব্য বা পোস্ট করা যাবে না। খবর শেয়ার করার আগে সত্যতা যাচাই করতে হবে। অনুমতি ছাড়া নারী, শিশু বা পরিবারের সদস্যদের ছবি তোলা যাবে না। নিরাপত্তা-সংবেদনশীল স্থানের ছবি-ভিডিও ধারণ বা শেয়ার করা যাবে না।

বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বিমা নিশ্চিত করে গাড়ি চালাতে হবে। সিটবেল্ট ও গতিসীমা মেনে চলতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা যাবে না। দুর্ঘটনা হলে নাজম ও পুলিশের রিপোর্ট নিতে হবে এবং ঘটনাস্থল ছেড়ে যাওয়া যাবে না। দুর্ঘটনায় ৯১১ বা ৯৯৯ এবং অ্যাম্বুলেন্সের জন্য ৯৯৭ নম্বরে যোগাযোগ করতে হবে।

শুধু ব্যাংক ও অনুমোদিত এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠাতে হবে। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যাবে না। নিজের সিম, কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করতে দেওয়া যাবে না। অন্যের ঋণের জামিনদার হওয়া যাবে না। কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং অনুমতি ছাড়া চাঁদা সংগ্রহ করা যাবে না।

দেশ থেকে ওষুধ নেওয়ার আগে এসএফডিএর অনুমতি নিতে হবে। প্রেসক্রিপশন ও মূল প্যাকেট সঙ্গে রাখতে হবে। অন্যের দেওয়া প্যাকেট বা ওষুধ বহন করা যাবে না। গরমে পর্যাপ্ত পানি পান ও সুরক্ষাসামগ্রী ব্যবহার করতে বলা হয়েছে। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত খোলা রোদে কাজ করা যাবে না। হজ, উমরাহ ও জিয়ারাহ করতে হবে নুসুক অ্যাপের অনুমতি নিয়ে।

বিপদে পড়লে ৯১১ ও ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে। দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের সহায়তা নেওয়া যাবে। না বুঝে আরবি কাগজে সই করা যাবে না এবং সমস্যা সমাধানের নামে দালালকে টাকা দেওয়া যাবে না। জরুরি নম্বরগুলো হলো—অ্যাম্বুলেন্স ৯৯৭, অগ্নিনির্বাপণ ৯৯৮, ট্রাফিক ৯৯৩, শ্রম অভিযোগ ১৯৯১১, শ্রমকল্যাণ উইং ৮০০১০০০১২৫, কনস্যুলার সেবা ৮০০১০০০১২৬ ও প্রবাসবন্ধু ১৬১৩৫। বৈধভাবে অবস্থান, স্থানীয় আইন মেনে চলা এবং আর্থিক লেনদেনের প্রমাণ সংরক্ষণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

তথ্যসূত্র: ভিওডি বাংলা, সাবাহ, প্রবাস২৪

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)