দেশের পুরোনো বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ লক্ষ্যে নতুন নীতিমালার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, সরকারিকরণের বিবেচনায় আসতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। পাশাপাশি নিজস্ব জমি, খেলার মাঠ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব ও সমৃদ্ধ গ্রন্থাগার থাকার শর্ত রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬’ শীর্ষক এ খসড়া প্রণয়ন করেছে। খসড়ায় বলা হয়েছে, জনস্বার্থে সরকার যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। তবে সাধারণ নিয়মে সরকারিকরণের জন্য প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।
খসড়া নীতিমালা চূড়ান্ত করতে গত সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় খসড়ায় নতুন করে ২৫ বছরের শর্ত যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর শর্ত বাদ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনের অনুমোদনের পর নীতিমালা গেজেট আকারে জারি হবে।
খসড়ায় প্রতিষ্ঠানের জমি নিয়ে সুস্পষ্ট শর্ত রাখা হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানা ও দখলে খেলার মাঠসহ পর্যাপ্ত, শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক উপযুক্ত জমি থাকতে হবে। তবে জমির পরিমাণ কত একর হতে হবে, তা খসড়ায় নির্দিষ্ট করে বলা হয়নি। সরকারি কোনো সংস্থার মাধ্যমে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে প্রতিষ্ঠানের অনুকূলে জমি বরাদ্দের লিখিত পত্র থাকতে হবে।
ভৌত অবকাঠামোর ক্ষেত্রেও একাধিক শর্ত প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠানে প্রয়োজনীয়সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য ভবনে র্যাম্পের ব্যবস্থাও বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
গ্রন্থাগারের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্তর অনুযায়ী বইয়ের সংখ্যা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে কমপক্ষে ৩ হাজার বই থাকতে হবে। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে থাকতে হবে অন্তত ৫ হাজার বই। আর উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক কলেজের গ্রন্থাগারে বইয়ের সংখ্যা হতে হবে কমপক্ষে ১০ হাজার।
শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে নতুন নীতিমালায় আলাদা করে কোনো নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়ার প্রস্তাব নেই। এ ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) অনুসরণ করতে হবে। এ ছাড়া এনটিআরসিএর নিবন্ধনধারী এবং নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক প্যাটার্নভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত থাকতে হবে।
শুধু শ্রেণিকক্ষ ও গ্রন্থাগার থাকলেই হবে না, শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের সুযোগও থাকতে হবে। নীতিমালায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরীক্ষাগার এবং প্রয়োজনীয়সংখ্যক কম্পিউটারসহ অন্তত একটি স্বতন্ত্র তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বা কম্পিউটার ল্যাব রাখার শর্ত প্রস্তাব করা হয়েছে। সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানের কার্যকর অংশগ্রহণ থাকতে হবে। এ ক্ষেত্রে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কোর্স, ভাষা ক্লাব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, স্কাউটিং, গার্লস গাইড ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মতো কার্যক্রমের কথা বলা হয়েছে।
সরকারিকরণের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানকে সমানভাবে বিবেচনা করা হবে না। আর্থসামাজিকভাবে অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্যপীড়িত এবং শিক্ষার হার তুলনামূলক কম এমন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকেও গুরুত্ব দেওয়া হবে। আগের পাঁচ বছরের মোট শিক্ষার্থীসংখ্যা এবং পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এলাকাভিত্তিক প্রতিষ্ঠানগুলোর অবস্থানও বিবেচনায় নেওয়া হবে।
সব শর্ত পূরণ করলেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের নিশ্চয়তা পাবে না। সরকারিকরণের জন্য নির্ধারিত অনুমোদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে। খসড়া অনুযায়ী, প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে প্রতিষ্ঠানটির সম্ভাব্যতা যাচাই করা হবে। এরপর সরকারপ্রধানের নীতিগত অনুমোদন নিতে হবে। চূড়ান্ত অনুমোদনের আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতিও প্রয়োজন হবে। সরকারিকরণের পর প্রতিষ্ঠানের জনবল, স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ সব সম্পদ সরকার গ্রহণ ও পরিচালনা করবে।
খসড়া নীতিমালায় সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। সরকার বিশেষ বিবেচনায় যেকোনো শর্ত শিথিল করে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। এ নীতিমালা সম্পর্কিত কোনো বিষয়ে ব্যাখ্যা বা স্পষ্টীকরণের প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ও অভিন্ন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়াটি চূড়ান্ত হওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা এটি পর্যালোচনা করবেন। এ সময় প্রয়োজন অনুযায়ী নতুন শর্ত যুক্ত বা বিদ্যমান শর্তে পরিবর্তন আনার বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। নীতিমালাটি চূড়ান্ত হওয়ার পর সরকারিকরণের দায়িত্ব মাউশিকে দেওয়া হলে নির্ধারিত শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা ও সম্ভাব্যতা যাচাই করা হবে।
উল্লেখ্য, ২০২৬ সালে সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়া নীতিমালায় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান’ বলতে এমপিওভুক্ত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, ইত্তেফাক, দ্য ডেইলি ক্যাম্পাস।

No comments:
Post a Comment