ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে বেতন বকেয়া ও ওয়ার্ক পারমিট বাতিলের সংকটে পড়া ২৩০ জনেরও বেশি অভিবাসী কর্মীকে নতুন নিয়োগকর্তাদের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। গত ৬ নভেম্বর দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের (এমওএম) সেংকাং ওয়েস্ট এলাকার অনবোর্ডিং সেন্টারে আয়োজিত চাকরি মেলায় অংশ নিয়ে বেশ কয়েকজন কর্মী বিভিন্ন নির্মাণ ও প্রসেস খাতের প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন। তাঁদের কয়েকজন ওই দিনই নতুন কাজের প্রস্তাব পেয়েছেন। ক্ষতিগ্রস্ত কর্মীদের অধিকাংশই বাংলাদেশি।
চাকরি মেলাটি আয়োজন করে মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)। সিঙ্গাপুর কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব প্রসেস ইন্ডাস্ট্রি ও বিভিন্ন কর্মসংস্থান সংস্থার সহযোগিতায় আয়োজিত এই মেলায় কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগকর্তাদের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এবার কর্মীদের শুধু আগের খাতেই নয়, নির্মাণ খাতসহ প্রসেস খাতের বাইরের অন্য খাতেও কাজ খোঁজার সুযোগ দেওয়া হয়েছে, যা অনেকের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মেলায় অংশ নেওয়া বাংলাদেশি কর্মী রাব্বানী মো. গোলাম (২১) ৬ নভেম্বর একটি নির্মাণ প্রতিষ্ঠান থেকে কাজের প্রস্তাব পেয়েছেন। রাজশাহীর এই তরুণ গত এপ্রিলে সিঙ্গাপুরে যান। দুই মাসের বকেয়া বেতনের অপেক্ষায় থাকা রাব্বানীর হাতে তখন ১০ ডলারেরও কম অর্থ অবশিষ্ট ছিল। তিনি বলেন, এখন আর এতটা চাপে নেই, কারণ আবার বেতন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। গত এক মাস ধরে বন্ধুদের কাছ থেকে ধার করে তাঁকে চলতে হয়েছে।
প্রসেস মেইনটেন্যান্স সলিউশনসের কর্মী মো. সাব্বির আলম (২৩) নভেম্বরের শুরুতে বকেয়া বেতন হাতে পেয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই কর্মী বলেন, বেতনটা পেয়ে এখন অনেকটা ভালো লাগছে, কারণ এই অর্থ দিয়েই পরিবার চালাতে হয়। এখন নির্মাণ প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন বলে তিনি খুশি। আরেক কর্মী হাসান মো. কামরুলও ওই মেলায় একটি নির্মাণ প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানান, ওই দিনের পরিবেশ ছিল উচ্ছ্বসিত; কর্মীরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছিলেন।
তবে সবার ক্ষেত্রে এখনো সুখবর আসেনি। জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশনের কর্মী সাইমন ইসলাম (২১) নিয়োগকর্তাদের জবাবের অপেক্ষায় আছেন। গত অক্টোবরে হঠাৎ ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাওয়ার পর থেকে তিনি কর্মহীন। তাঁর তিন মাসের বেতন বকেয়া রয়েছে। সাইমন বলেন, সিঙ্গাপুরে আসতে তিনি ৬ হাজার ডলার ঋণ করেছিলেন; বকেয়া বেতন ফেরত না পেলেও তাঁকে আবার কাজ শুরু করতেই হবে।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত কর্মীরা 'প্রসেস মেইনটেন্যান্স সলিউশনস' ও 'জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশন' নামের প্রসেস খাতের দুটি প্রতিষ্ঠানে কাজ করতেন। কর্মীদের ভাষ্য, গত আগস্ট থেকে তাঁদের বেতন বন্ধ হয়ে যায় এবং সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে ওয়ার্ক পারমিট বাতিল হতে থাকে। বকেয়া বেতন না দেওয়ার অভিযোগে গত ২৪ অক্টোবর প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে তদন্ত শুরুর কথা জানায় এমওএম। তদন্ত এখনো চলমান রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ মিললে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বকেয়া বেতন ফেরত পাওয়ার ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের চিত্র ভিন্ন। প্রসেস মেইনটেন্যান্স সলিউশনসের পাঁচজন কর্মী জানিয়েছেন, প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত প্রায় ১২০ জন কর্মীর প্রায় সবাই বকেয়া বেতন পেয়ে গেছেন। অন্যদিকে জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশনের তিনজন কর্মী জানিয়েছেন, তাঁরা এখনো বেতন পাননি। এমডব্লিউসির তথ্য অনুযায়ী, সংস্থাটির সহায়তা পাওয়া ২৩০ জন কর্মীর ৯০ শতাংশের বেশি ইতিমধ্যে বেতনের দাবি দায়ের করেছেন। এমওএম ট্রাইপার্টাইট অ্যালায়েন্স ফর ডিসপিউট ম্যানেজমেন্টের সঙ্গে মিলে এসব দাবি নিষ্পত্তিতে কাজ করছে।
সংকটের এই সময়ে এমওএম ও এমডব্লিউসি কর্মীদের বেতনের দাবি আদায়ে সহায়তার পাশাপাশি খাবার, থাকার জায়গা ও সাময়িক আর্থিক সহায়তা দিয়ে আসছে। গত ৩ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত কর্মীদের এমওএমের অনবোর্ডিং সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (এনটিইউসি) অভিবাসী কর্মী বিভাগের পরিচালক মাইকেল লিম জানান, যেসব কর্মী নিজেরাই কাজ খুঁজে পাচ্ছেন, তাঁদের নিয়োগকর্তা বদলের আবেদন প্রক্রিয়াতেও সহায়তা করছে এমডব্লিউসি। পাশাপাশি কর্মীদের বেতনের দাবি ও পরবর্তী পদক্ষেপেও সংস্থাটি সহায়তা অব্যাহত রাখবে।
এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন গত ২৬ অক্টোবর জানায়, পুরো পরিস্থিতি সম্পর্কে তারা অবগত রয়েছে। তদন্তকাজে এমওএমকে সহায়তা করতে এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের সব ধরনের সহায়তা দিতে হাইকমিশন প্রস্তুত বলেও জানানো হয়।
উল্লেখ্য, অভিবাসী অধিকার সংগঠন ট্রানজিয়েন্ট ওয়ার্কার্স কাউন্ট টুর (টিডব্লিউসিটু) আগস্টে প্রকাশিত জরিপ অনুযায়ী, সিঙ্গাপুরে নির্মাণ খাতের কর্মীদের গড় মাসিক আয় ৮৬৮ ডলার, যেখানে প্রসেস খাতে তা ৭৭১ ডলার। ফলে তুলনামূলক বেশি বেতনের নির্মাণ খাতে যাওয়ার সুযোগ অনেক কর্মীর কাছে বাড়তি স্বস্তি বয়ে এনেছে। এমডব্লিউসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে বকেয়া বেতনের জন্য সহায়তা চাওয়া কর্মীর সংখ্যা ২০২৪ ও ২০২৫ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে।
তথ্যসূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, দ্য ডেইলি স্টার

No comments:
Post a Comment