ছবি: সংগৃহীত
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই তালিকায় বাংলাদেশ থেকে আরও স্থান পেয়েছেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা অধিকারকর্মী আইনজীবী রাজিয়া সুলতানা। তাঁরা দুজনই সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রকাশনাটিতে তারেক রহমানকে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও তিনি বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে দলটি। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে।
তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। তিনি ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসনে কাজ করেন তিনি। কারুশিল্পের বিকাশে ‘কারিকা’ প্রতিষ্ঠা করেন হামিদা হোসেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন। নারীর অধিকার, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এর আগেও এই তালিকায় স্থান পেয়েছেন।
একই বিভাগে স্থান পেয়েছেন রাজিয়া সুলতানা। তিনি মিয়ানমারে জন্ম নেওয়া এবং বাংলাদেশে বেড়ে ওঠা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা, ধর্ষণ ও মানবপাচারের ঘটনা নিয়ে গবেষণা ও তথ্য সংগ্রহ করেছেন রাজিয়া সুলতানা। কক্সবাজারের শরণার্থী শিবিরে বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁর কয়েকটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। রোহিঙ্গা নারীদের সহায়তায় তিনি রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটিও প্রতিষ্ঠা করেন।
‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনার এবারের সংস্করণটি ১৮তম বার্ষিক আয়োজন। প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। তালিকায় ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, বই প্রকাশ, জনমত, বিশেষজ্ঞদের মতামত এবং দীর্ঘমেয়াদি অবদানও মূল্যায়নের অংশ।
তালিকার নিয়ম অনুযায়ী, প্রথম ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো অবস্থান বা র্যাঙ্কিং ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সামাজিক বিষয়াবলি, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলাসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজনই এই র্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন। অর্থাৎ তাঁদের নাম অন্তর্ভুক্ত হলেও নির্দিষ্ট কোনো অবস্থান নির্ধারণ করা হয়নি।
প্রকাশক সংস্থাটি জানিয়েছে, তালিকায় কারও নাম থাকা মানেই তার মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়। বরং মুসলিম বিশ্বে ওই ব্যক্তির প্রভাব পরিমাপ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রকাশকদের ব্যাখ্যা অনুযায়ী, রাজনৈতিক, সাংস্কৃতিক, আদর্শিক, অর্থনৈতিক কিংবা অন্য কোনো ক্ষেত্রে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে—এমন ব্যক্তিদের প্রভাব বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের আগের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি।
২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। গাজায় যুদ্ধের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া এবং ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। তাঁর সঙ্গে ওই হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় বলা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।
তথ্যসূত্র: যুগান্তর, স্টার নিউজ, কাল প্রকাশ, প্রতিদিনের বাংলাদেশ

No comments:
Post a Comment