ছবি: সংগৃহীত
আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট অচলাবস্থার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টায় গাজীপুরের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের বোর্বাডজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য তখনো অবরুদ্ধ ছিলেন। এ সময় আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে উপাচার্যের বৈঠকও হয়। রোববার (১৫ নভেম্বর) থেকে আন্দোলন শুরু হলেও সোমবার তা দ্বিতীয় দিনে গড়ায়।
সোমবার দুপুরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ওই ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বাইরে কর্মরত আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত উপাচার্যসহ কোনো কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাস থেকে বের হতে পারেননি।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর করা, পদোন্নতি এবং বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত প্রায় দুই হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তাঁদের ৯৮৮ জনের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। তাঁদের আরও অভিযোগ, দীর্ঘদিনের বঞ্চনার শিকার কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধে কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও তাঁদের পাওনা পরিশোধ করছে না। তাঁদের দাবি, ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করা হচ্ছে।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির উদ্যোগে সোমবার ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। তাঁরা বলেন, রায়ের পরও তাঁদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার বিষয়টি নিষ্পত্তি হয়নি।
চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেন। রায়ে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার পাশাপাশি ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে, আপিল বিভাগের রায়ের বাইরে গিয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ বিশ্ববিদ্যালয়ের নেই। রায়ে ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা কিংবা পদোন্নতির সুবিধা দেওয়ার সরাসরি নির্দেশ দেওয়া হয়নি। আদালতের নির্দেশনা অনুযায়ী, অসাধারণ ছুটির সময়ে চাকরির অস্তিত্ব বহাল থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বেতন পাবেন না; আর বেতন না পেলে অন্যান্য ভাতা পাওয়ারও সুযোগ নেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হলে পুলিশ, আনসার ও নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই দাবি তুলতে পারেন, যা রাষ্ট্রের ওপর ৮০ হাজার থেকে এক লাখ কোটি টাকা পর্যন্ত আর্থিক দায় তৈরি করতে পারে। তাছাড়া আদালতের রায়ের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আদালত অবমাননার প্রশ্নও তুলতে পারে বলে মনে করছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে। দাবি আদায়ে রোববার থেকে শুরু হওয়া আন্দোলন সোমবার দ্বিতীয় দিনে গড়িয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো, যুগান্তর, চ্যানেল আই অনলাইন।

No comments:
Post a Comment