...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি, বলছে র‍্যাপিডের গবেষণা

ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি, বলছে র‍্যাপিডের গবেষণা

ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি, বলছে র‍্যাপিডের গবেষণা

 

ছবি: সংগৃহীত

দেশে ধনীর চেয়ে গরিবের ওপর মূল্য সংযোজন করের (ভ্যাট) বোঝা অনেক বেশি। দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে চলে যায়। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ভ্যাটের বোঝা তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ আয়ের অনুপাতে ধনীদের তুলনায় গরিবদের ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকার এক হোটেলে 'মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স' শীর্ষক গবেষণার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় গবেষণাটি করা হয়েছে। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন।

গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলের দরিদ্রতম পরিবারগুলোর অবস্থা আরও কঠিন। সেখানে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট হিসেবে ব্যয় হয়। শহরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ১৬ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ যার আয় যত কম, আয়ের তুলনায় তার ভ্যাটের চাপ তত বেশি।

আয়করের ক্ষেত্রে চিত্র উল্টো। সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ১১ দশমিক শূন্য ৩ শতাংশ ব্যক্তি আয়কর হিসেবে দেয়। অন্যদিকে সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই, কারণ তাদের আয় করযোগ্য সীমার নিচে। গবেষণায় বলা হয়েছে, সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর দেওয়ার কথা। তাই আয়করভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান মনোযোগ দেওয়া প্রয়োজন উচ্চ আয়ের পরিবারগুলোতে।

আয়ের চেয়ে সম্পদের বণ্টনে বৈষম্য আরও বেশি। গবেষণা অনুসারে, দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে দেশের মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ রয়েছে। শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ। শহরাঞ্চলে সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে সেখানকার প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি।

ব্যক্তি আয়করের আওতায় নিবন্ধিত সক্রিয় করদাতার সংখ্যা অত্যন্ত কম। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন জমা দেওয়ার হার সীমিত—ব্যক্তি শ্রেণিতে ৪৩ দশমিক ১ শতাংশ, কোম্পানির ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পারিবারিক আয়-ব্যয় জরিপ ২০২২-এর ভিত্তিতে গবেষণায় হিসাব করা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে সম্ভাব্য ব্যক্তিগত আয়কর ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ, আদায় হয়েছে মাত্র শূন্য দশমিক ৯৮ শতাংশ। আর অভ্যন্তরীণ ভ্যাটের সম্ভাব্য আদায় ৩ দশমিক ৮২ শতাংশ হলেও প্রকৃত আদায় ছিল ১ দশমিক ৮০ শতাংশ।

ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও তার পুরোটা কোষাগারে পৌঁছায় না। র‍্যাপিড বলছে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ভ্যাট সংগ্রহ ও সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব পালন করে। কিন্তু অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাযথভাবে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হয়। এ অবস্থায় করহার বৃদ্ধির পরিবর্তে কার্যকর পরিপালন ও প্রশাসনিক নজরদারি বাড়িয়ে উল্লেখযোগ্য অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে।

গবেষণার প্রাক্কলন বলছে, নতুন কর আরোপ বা করের হার না বাড়িয়ে বিদ্যমান আইন কার্যকর করা, করের আওতা বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের মাধ্যমে কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ৩ শতাংশ থেকে প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব। তাৎক্ষণিক লক্ষ্য হিসেবে এই অনুপাত ১০ শতাংশে নেওয়ার কথা বলেছেন গবেষকেরা।

গবেষণায় সাতটি সুপারিশ করা হয়েছে—উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ করা; ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায়ের দক্ষতা ও পরিপালন উন্নত করা; করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন করা; সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের পরিপ্রেক্ষিতে উত্তরাধিকার কর প্রবর্তন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা; রাজস্ব আহরণের নামে জবরদস্তিমূলক ব্যবস্থা ও করদাতাদের হয়রানি সম্পূর্ণভাবে পরিহার করা; করের আওতা সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা এবং কর প্রশাসন আধুনিকায়ন ও সরকারি ব্যয়ের মান উন্নত করা।

র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ তাঁদের দেওয়া করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, দারিদ্র্যের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে প্রায় ২২ থেকে ২৩ শতাংশ হয়েছে। এর একটি কারণ, টানা তিন বছর সুদের হার মূল্যস্ফীতির নিচে ছিল।

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)