...
সর্বশেষ
শিরোনাম লোড হচ্ছে...

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ফেব্রুয়ারির মধ্যে বিআরটিসির বহরে

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ফেব্রুয়ারির মধ্যে বিআরটিসির বহরে

 

২০২৬ সালের ১৮ আগস্ট তেজগাঁওয়ে পিংক বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে সারিবদ্ধ গোলাপি বাস

ছবি: প্রতীকী

ঢাকা, ১৫ নভেম্বর: নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। পিংক বাস উদ্যোগের আওতায় এসব বাস কেনা হচ্ছে। বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপপ্রেস সচিব শাহাদাত হোসেন সাধীন ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, নারীবান্ধব গণপরিবহন সম্প্রসারণের লক্ষ্যে পিংক বাস উদ্যোগের আওতায় ১০০টি বৈদ্যুতিক বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো সড়কে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ২৯ অক্টোবর অর্থ বিভাগ এ অর্থ বরাদ্দ দেয়। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাদ্দের অর্থ বিআরটিসির পাবলিক লেজার (পিএল) হিসাবে স্থানান্তরের ব্যবস্থা নিতে সংস্থাটির চেয়ারম্যানকে নির্দেশ দেয়। গত ৯ নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিসি শাখার উপসচিব অজিত দেব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সরকার অর্থ ছাড় করেছে। বিআরটিসি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনার দায়িত্ব দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।

তিনি জানান, আগামী ১৮ নভেম্বর সরবরাহকারীদের উদ্দেশে দরপত্র আহ্বান করা হবে। ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়া হবে। এরপর ২৩ বা ২৪ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে। চেয়ারম্যান বলেন, ‘আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির আগে বাসগুলো বিআরটিসির কাছে হস্তান্তর করা হবে বলে আশা করছি।’

বাসগুলো প্রচলিত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হচ্ছে না। দ্রুততম সময়ে পরিবেশবান্ধব ও নারীবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাস সরবরাহের বিষয়ে চীনের কয়েকটি কোম্পানির সঙ্গে প্রগতি ইন্ডাস্ট্রিজের আলোচনা হয়েছে। প্রগতি ইন্ডাস্ট্রিজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চীন থেকেই বাসগুলো কেনা হবে।

এর আগে গত ৬ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিআরটিসির জন্য দরপত্র ছাড়াই ২০০টি বৈদ্যুতিক বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়। দুই ধাপে বাস্তবায়নাধীন ৮০০ কোটি টাকার এ প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কিনতে ৪০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

ক্ষমতাসীন দল বিএনপির নির্বাচনী ইশতেহারে বড় শহরগুলোতে নারীদের জন্য বিশেষ বাস সেবা চালুর প্রতিশ্রুতি ছিল। সরকার গঠনের পর গত ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. শামসুল হকের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের মধ্যে রাজধানীতে নারীদের জন্য বৈদ্যুতিক বাসভিত্তিক বিশেষ গণপরিবহন সেবা চালুর আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী।

এর ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ডিপোতে পরীক্ষামূলকভাবে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নারী চালক ও কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত ১৪টি বাস নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে এ সেবা চালু হয়।

তবে চালুর পর থেকে পিংক বাস সার্ভিসে যাত্রীসংকট দেখা দিয়েছে। বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পিংক বাসগুলো সাধারণত সকালে একটি ও বিকেলে একটি করে দিনে দুটি ট্রিপ দেয়। তবে এসব ট্রিপে বাসের সব আসন পূর্ণ হয় না। কখনো কখনো অতিরিক্ত এক বা দুটি ট্রিপ পরিচালনা করা হলেও সাত থেকে আটজনের বেশি যাত্রী পাওয়া যায় না।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান বলেন, নারী যাত্রীদের অনেকের সঙ্গেই সন্তান, স্বামী বা ভাইয়ের মতো পুরুষ সহযাত্রী থাকেন। পিংক বাসগুলো শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা এসব বাসে উঠতে পারেন না। ফলে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে ১৬ বছর বয়স পর্যন্ত বা সর্বোচ্চ এসএসসি পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের পিংক বাসে ভ্রমণের অনুমতি দেওয়ার প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছে বিআরটিসি।

বিআরটিসির চেয়ারম্যান আরও জানান, নারীদের জন্য নির্ধারিত বাসগুলোর কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাবও বিভিন্ন পক্ষ থেকে এসেছে। এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একটি সামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নারীদের জন্য বিশেষ বাস সেবা চালু করা হয়েছে। এটি পূর্ণমাত্রায় বাস্তবায়ন করা হবে। খরচ উঠছে কি না বা কত আয় হচ্ছে, সেটি বিআরটিসির বিবেচ্য বিষয় নয়।’

বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন ১০০টি বৈদ্যুতিক বাস বহরে যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ এ বাস সেবার পরিধি বাড়ানো হবে। এর মাধ্যমে নারীদের গণপরিবহন ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আমার সংবাদ, ডেইলি ওয়াদা

NewsCanvasbd

এই প্রতিবেদকের আরও খবর পড়তে ট্যাগ/ক্যাটাগরি থেকে ব্রাউজ করুন।

No comments:

Post a Comment

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আপনার চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি এখানে লিখুন। (Layout → Footer → এই widget Edit করে বদলান)